প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৫:৪৫ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের দুই গ্রামের প্রায় ১ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন রোড এলাকা ও আহমদ নগর এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে অবৈধ সংযোগে ব্যবহৃত ১ কিলোমিটার পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার মেজবাহ উদ্দিনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার রুবাইয়া খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এসময় তিতাস গ্যাসের সোনারগাঁ জোনাল অফিসের ব্যবস্থাপক আতিকুল ইসলাম,উপ ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো: অনিক, উপ সহকারী প্রকৌশলী সোহেল রানা,সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক অপারেশন মো. মাহফুজুর রহমানসহ বিপুল সংখ্যক পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার মেজবাহ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে বাসা বাড়িতে রান্নার কাজ চালিয়ে আসছিলেন। এরফলে প্রতি বছর সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অভিযান আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে।
জ/আ