৪ মিনিটেই শেষ ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১০:৩৯ এএম

ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ (শুক্রবার ৭ এপ্রিল) ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঘোষণা অনুযায়ী, এবারের ঈদযাত্রা ও ফিরতি টিকিট অগ্রিম বিক্রি শুরু হয়েছে শতভাগ অনলাইনে। আজ ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি হয়। তবে অনলাইনে টিকিট বিক্রি শুরুর চার মিনিটেই আগাম টিকিট শেষ হয়ে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে ঈদের টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। তবে অনেকে কাউন্টারে এসে টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছেন।    
 
জানা যায়, পূর্ব ঘোষনা অনুযায়ী সকাল ৮টা থেকে শতভাগ অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। আগে থেকেই অনলাইনে রেজিস্ট্রেশন করে রাখা যাত্রীরা কোনো ভোগান্তি ছাড়াই পেয়ে যান টিকিট। দীর্ঘ ভোগান্তি যুগের অবসান হওয়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।
 
তবে প্রান্তিক যাত্রী, যারা অনলাইনে টিকিট কাটতে অক্ষম তারা আজও কাউন্টারে টিকিটের খোঁজে এসে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। রেলের পক্ষ থেকে জানানো হয়, আজ প্রায় ২৬ হাজার টিকিট বিক্রি হয়েছে।
 
রেলের অ্যাপে প্রতি মিনিটে অন্তত ১০ লাখ ভিজিটর প্রবেশ করতে পারেন। এছাড়া প্রতি মিনিটে টিকিট বিক্রি করা যায় আট হাজার। সে হিসেবে আজকের টিকিট মাত্র চার মিনিটেই শেষ হয়ে যায় বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার।
 
এদিকে শনিবার (৮ এপ্রিল) বিক্রি করা হবে ১৮ এপ্রিলের টিকিট, রোববার (৯ এপ্রিল) ১৯ এপ্রিলের, সোমবার (১০ এপ্রিল) ২০ এপ্রিল ও মঙ্গলবার (১১ এপ্রিল) বিক্রি করা হবে ২১ এপ্রিলের টিকিট।

একইভাবে ঈদ ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। প্রথম দিন (১৫ এপ্রিল) বিক্রি হবে ২৫ এপ্রিলের টিকিট, ১৬ এপ্রিল বিক্রি করা হবে ২৬ এপ্রিলের টিকিট, ১৭ এপ্রিল বিক্রি করা হবে ২৭ এপ্রিলের টিকিট, ১৮ এপ্রিল বিক্রি করা হবে ২৮ এপ্রিলের টিকিট, ১৯ এপ্রিল বিক্রি করা হবে ২৯ এপ্রিলের টিকিট এবং ২০ এপ্রিল বিক্রি করা হবে ৩০ এপ্রিলের টিকিট।
 
ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।
 
ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে না।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft