প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১১:৩৫ এএম আপডেট: ০৫.০৪.২০২৩ ১১:৩৮ এএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতার ২৬তম আসরে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরীম।
প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন ইথিওপিয়ার আব্বাস হাদি ওমর ও সৌদি আরবের খালেদ সুলেইমান সালেহ আল-বারাকানি।
কুরআন অ্যাওয়ার্ড কর্তৃপক্ষের টুইটার অ্যাকাউন্টে মঙ্গলবার রাতে দেয়া পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন ইথিওপিয়ার আব্বাস হাদি ওমর ও সৌদি আরবের খালেদ সুলেইমান সালেহ আল-বারাকানি।
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় এর আগেও প্রথম হয়েছেন তাকরীম। এর বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় সেরাদের তালিকায় ছিলেন তিনি।
রাজধানীর মিরপুর-১ এলাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী নামের মাদ্রাসার ছাত্র তাকরীম। দুবাইয়ে কুরআন প্রতিযোগিতায় তার প্রথম হওয়ার বিষয়টি জানিয়ে মঙ্গলবার গভীর রাতে একটি পোস্ট দেয়া হয় মাদ্রাসার ফেসবুক পেজে।
এতে লেখা হয়, ‘আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ! Markazu Faizil Quran Al-Islami-মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র হাফেজ সালেহ আহমাদ তাকরীম দুবাইয়ে অনুষ্ঠিত সর্ববৃহৎ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩-এ প্রথম স্থান অর্জন করেছে।
উল্লেখ্য, ২০২২ সালে মাত্র ১৩ বছর বয়সে ইরানের তেহরানে অনুষ্ঠিত ৩৮তম ইরান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সালেহ আহমাদ তাকরীম। এছাড়াও, ২০২০ সালে রমজান মাসে বাংলাভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হন।
হাফেজ সালেহ আহমাদ তাকরিম ২০২২ সালে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এই প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ হাফেজ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার চতুর্থ শাখায় হাফেজ সালেহ আহমাদ তাকরিম তৃতীয় স্থান অর্জন করে ১ লাখ রিয়াল অর্থমূল্যের পুরস্কার লাভ করেন।
তিনি মাত্র সাড়ে ৯ বছর বয়সে সম্পূর্ণ কুরআন মুখস্ত করেন। বর্তমানে তিনি মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা মাদ্রাসায় পড়াশোনা করছেন। তাকরীম ২০০৮ সালের ৩১ ডিসেম্বর টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ভাদ্রা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবা হাফেজ আব্দুর রহমান পেশায় একজন মাদ্রাসার শিক্ষক এবং মা একজন গৃহিণী।
জ/আ