পদ্মায় মাটি কাটা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব: ককটেল বিস্ফোরণ
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৬:১২ পিএম আপডেট: ০১.০৪.২০২৩ ৭:২৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধে জড়িয়েছে দুইটি গ্রুপ। এ নিয়ে সৃষ্টি হয়েছে উত্তেজনা। পরিস্থিতি আতঙ্কিত করতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। 

শনিবার (০১ এপ্রিল) আনুমানিক সকাল ১০টার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নবাব জায়গীর পদ্মা নদীর ০৮ নম্বর রক্ষা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। 

এসময় দুই পক্ষ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হলেও সংঘর্ষ হয়নি। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, পুলিশ ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত কয়েকদিন থেকেই পদ্মা নদী থেকে মাটি উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। 

এমনকি এ নিয়ে অভিযোগ হয় ইসলামপুর পুলিশ ফাঁড়িতেও। পরে পুলিশ উভয় পক্ষকে নিয়ে বসে সমাধান করলেও মাটি কাটাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি হয় দুই পক্ষ। 

নবাব জায়গীর এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, বাড়িতেই বসে ছিলাম, হঠাৎ সকাল পৌনে ১০টার দিকে বিকট শব্দ পেলাম। টানা কয়েকবার এই শব্দ হলো। সাথে সাথেই এক ভাগনে ফোন দিয়ে বললো, মাটি কাটা নিয়ে দুই গ্রুপের ঝামেলার সূত্র ধরে ককটেল বিস্ফোরণ হচ্ছে, আপনি নিরাপদ স্থানে সরে যান। পরে বাড়ি থেকে পালিয়ে যায়। বলা তো যায় না, যেকোনভাবে ভুক্তভোগী হয়ে যেতে পারি। 

স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম জানান, রাত থেকেই এলাকায় গুঞ্জন ছিল, সকালে ঝামেলা হবে। খবর পেয়েছিলাম, রাতেই ককটেল বানানো হচ্ছে। যা সকালে বিস্ফোরণ ঘটানো হয়েছে। দুই পক্ষই হাঁসুয়া, চাকু, বোমা (ককটেল) নিয়ে মুখোমুখি হলেও সংঘর্ষ হয়নি বা কেউই হতাহত হয়নি। 

এসময় আনুমানিক ৭০টি ককটেল বিস্ফোরণ করানো হয়। আমাদের ধারণা, আজকের (শনিবার) পর আবারও যেকোন মূহুর্তে সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে দুই পক্ষ। 

এ বিষয়ে নবাব জায়গীর এলাকার মো. মামুন ওরফে মামুন ডাক্তার বলেন, নদী রক্ষা বাঁধের শেষে আমাদের পৈত্রিক ১১ বিঘা জমি আছে। সেই ফসলী জমি কেটে নিতে চাই স্থানীয় আনারুল, দুরুল, স্বপন,  শফিক, লুটু মেকার, শাহিন সহ তাদের মাটি কাটা সিন্ডিকেট চক্র। আমরা বাঁধা দিতে গেলে হুমকি দেয়।

পরে আজকে প্রায় ৫০টির বেশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে জোরপূর্বক দখলে নিতে চেষ্টা করছে তারা। এর কয়েকদিন আগে জোরপূর্বক আমাদের মাটি কাটতে আসলে ইসলামপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দিলে থানা থেকে সমাধান করে দিলেও তা অমান্য করে তারা জোরপূর্বক মাটি করতে যায়। 

অভিযোগ অস্বীকার করে মো. লুটু ওরফে লুটু মেকার বলেন, আমরা নিজেদের জায়গায় পদ্মা নদীর মাটি কেটে বাঁধ সংস্কার কাজে দিচ্ছি। স্থানীয় আজিজুল ও টিপু চেয়ারম্যানের লোকজন দুইটি গ্রুপ একসাথে হয়ে আমাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে সকালে ককটেল বিস্ফোরণ করেছে। 

কয়েকটি ককটেলের শব্দ পেয়েই আমরা এলাকা থেকে পালিয়েছি। ঘটনার পর থেকেই মাটি কাটা বন্ধ রয়েছে। 
এবিষয়ে কথা বলতে সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবুর রহমানের একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। 

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ময়েজ উদ্দিন বলেন, পদ্মা নদীতে মাটি কাটাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনাটি আমিও শুনেছি। তবে এবিষয়ে বিস্তারিত কিছু জানি না। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, পদ্মা নদীতে মাটি কাটাকে নিয়ে বিরোধে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তবে পুলিশ এ ঘটনায় দুপুর ৩টা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বলেও জানান তিনি।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চাঁপাইনবাবগঞ্জ   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft