প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৩:৪৪ পিএম আপডেট: ২৮.০৩.২০২৩ ৪:১১ পিএম

মানিকগঞ্জে মাদক কারবারিকে ধরতে গিয়ে ডিবি পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) সহ ৬ পুলিশকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছেন ওই কারবারির পরিবারের লোকজনসহ তার সহযোগীরা।
এসময় মাদক কারবারি সহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে ৫ লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার (২৮ মার্চ) সকালে এ বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছেন জেলার গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলো-মো. শাহিনুর (৩৪) তার বাড়ি সিংগাইর উপজেলার পুর্বভাকুম গ্রামের। তিনি একই গ্রামের লেছু (লিচু) ফকিরের ছেলে। শাহিনুরের ভাগনে সুজাত হোসেন। একই গ্রামের আরশাদ আলীর ছেলে। তাকে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে গ্রেপ্তার করে পুলিশ।
প্রেসরিলিজ থেকে জানা যায়, গেল সোমবার বিকেলে মাদক কারবারি শাহীনুরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। সেখানে শাহীনুর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। এসময় তার ভাগনে সুজাত হোসেন ও তার মা আসমা বেগম, স্ত্রী লিপি আক্তার এবং শাহীনুরের ভাই আহাদুল নূরসহ আরও কয়েকজন শাহীনুরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তারা ডিবি পুলিশ বলে পরিচয় দিলেও তারা ধস্তাধস্তির করতে থাকে।
এক পর্যায়ে সুজাত হোসেন নামের ওই যুবক লোহার রড দিয়ে ডিবি পুলিশের ওপরে হামলা করে। এসময় ডিবি পুলিশের এসআই আসাদ মিয়া, কনস্টেবল সাদেক আলী, ইব্রাহিম মিয়া, শরীফুল ইসলাম, রাসেল মিয়া ও তানভীর ভূঁইয়া আহত হন। পরে তারা জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
জেলার গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এই বিষয়ে সিংগাইর থানায় ২টি মমলা দায়েরের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
জ/আ