প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৮:০৯ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেছেন, সরকার আবারও হত্যা-গুম-খুনের সংস্কৃতি চালু করেছে। তিনি বলেন, সাংবাদিকদের লেখালেখিতে সেন্সরশিপ চালু করেছে সরকার। তারা প্রকৃত ঘটনা লিখতে পারেন না।
সরকার শুধুমাত্র নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য হত্যা, গুম, খুন, মিথ্যে মামলা ও ভয়ের সংস্কৃতি চালু করেছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, তারা একটি ত্রাসের সংস্কৃতি চালু করেছে। এভাবেই তারা আজকে দেশকে শাসন করতে চায়।
সোমবার (২৭ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, নওগাঁয় এক নারীকে র্যাব তুলে নিয়ে গেছে। তুলে নেওয়ার ৩৬ ঘণ্টা পরে সে মারা গেছে। তার ডাক্তারি রিপোর্টে এসেছে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ৩৬ ঘণ্টার মধ্যেও এফআইআর করা হয়নি। সেটা পরে করা হয়েছে। অর্থাৎ আবার র্যাবের হাতে সাধারণ একজন মানুষের মৃত্যু হলো।
মির্জা ফখরুল উল্লেখ করে বলেন, দেশে চরম অশান্তি বিরাজ করছে। দেশের মানুষ নিরাপদ বোধ করছে না। আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো এই ফ্যাসিবাদি সরকার কেড়ে নিয়েছে।
সবাইকে সরকারের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, অত্যাচারী-নির্যাতনকারী এই শাসকের অপসারণের জন্য আল্লাহতালার কাছে অবশ্যই দোয়া চাইতে হবে।
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর পরিচালনায় ইফতার অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক। এছাড়া উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী, কবি আবদুল হাই শিকদার, রুহুল আমিন গাজী, এমএ আজিজ, সৈয়দ আবদাল আহমদ, ডা. জাহিদ হোসেন, ডা. সিরাজ উদ্দিন আহমেদ প্রমুখ।
-জ/অ