মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ১১:১৭ এএম আপডেট: ২৫.০৩.২০২৩ ১১:২৪ এএম

এবার মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ মার্চ) এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞার কথা নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

ক্ষমতা দখলের পর গত প্রায় ২ বছর ধরে বেসামরিক লোকজনের ওপর যে বিমান হামলা চালাচ্ছে জান্তা, তাকে আমলে নিয়েই জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেন, বিমানে জ্বালানি সরবরাহকারী মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি ও ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখলের পর থেকে জান্তা সরকারের ওপর চাপ বাড়াতেই একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো। এরই জেরে এমন পদক্ষেপ বলে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, নিষেধাজ্ঞার তালিকাভুক্ত এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মিয়ানমারের সেনাবাহিনীকে জ্বালানি সরবরাহের পাশাপাশি তা আমদানি ও মজুতে সহায়তা করে থাকে। যা জান্তাবাহিনীকে বেসামরিক নাগরিকদের ওপর অবিরাম বিমান ও বোমা হামলা চালাতে সক্ষম করে তুলেছে বলে অভিযোগ করা হয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে চরম বিশৃঙ্খলা চলছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, অভ্যুত্থানের পর থেকেই দেশের জনগণের ওপর জান্তাবাহিনীর নৃশংসতা ও সহিংসতা বেড়েছে। তারা জনবহুল এলাকাগুলোতে বিমান হামলা চালাচ্ছে। সম্প্রতি উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে বিমান হামলায় ৮০ জন নিহত হয়েছেন।

মিয়ানমারের সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর নৃশংসতা চালানোর উপাদানগুলো যোগান যেন সহজে না পায় সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র কাজ করে যাবে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

তবে ওয়াশিংটনে অবস্থিত মিয়ানমারের দূতাবাস থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft