প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৫:১৩ পিএম

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ধর্মের বাণী যথাযথভাবে প্রচার করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। দেশে শান্তি-সম্প্রীতি অব্যাহত রাখা গেলে উন্নয়নের কাঙ্খিত গন্তব্যে দেশ অনায়াসে পৌঁছে যাবে।
মঙ্গলবার (২১ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর পদাংক অনুসরণ করে ইসলামের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশে ১০ হাজার কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে এসব মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ধর্ম পালনে ব্যাপক ভূমিকা রাখবে। হজকে সহজ, সুন্দর ও ভোগান্তিমুক্ত করতে হজ আইন-২০২১ প্রণয়ন, ডিজিটাল হজ ব্যবস্থাপনা চালু করেছেন এবং জেদ্দা বিমানবন্দরে হজ টার্মিনাল স্থাপন করেছেন।
তিনি ইসলামী-আরবী বিশ্ববিদ্যালয় স্থাপন এবং দাওড়া হাদিসকে স্নাতকোত্তর ডিগ্রির সমমান প্রদান করেছেন। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এই ঐতিহ্য রক্ষা করতে সকল ধর্মাবলম্বীদের মধ্যে বিভেদ নয়, ঐক্য সৃষ্টি করতে হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মপ্রাণ মুসলিম ছিলেন। তিনি ওআইসি শীর্ষ সম্মেলনে যোগদান করেন, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, ঈদে মিলাদুন্নবীর ছুটি ঘোষণা করেন, টঙ্গিতে বিশ্ব ইজতেমার জমি প্রদান করেন, কাকরাইল মসজিদ প্রতিষ্ঠা করেন, মদ-জুয়া নিষিদ্ধ করেন, রেসকোর্স ময়দানে ঘোড়া-দৌড় বন্ধ করেন, বেতার ও টেলিভিশনে কোরআন তেলাওয়াত চালু করেন।
জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, নাটোর-১ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল, নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রত্না আহমেদ, পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজান প্রমুখ।
জ/আ