প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৪:০২ পিএম আপডেট: ২০.০৩.২০২৩ ৫:০৮ পিএম

বান্দরবানের রুমায় পর্যটন স্পট বগালেক সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার পাহাড়ি নারীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
সোমবার (২০ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনা কবলিত একটি ট্রাকের মালিক দাবি করে জনৈক মো. নাসির উদ্দিন ঘটনাস্থল থেকে ছয়জন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, রুমা উপজেলার পর্যটন স্পট বগালেক সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন পাহাড়ি নারীর মৃত্যু হয়।
আহত অবস্থায় রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। নিহতরা সবাই থাইক্ষ্যং পাড়ার বাসিন্দা। এসময় ট্রাকে থাকা আরও ১০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের রুমা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, বগালেক সড়কের কমলা বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা রুমা বাজারে যাচ্ছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
জ/আ