
চট্টগ্রামে আরও ১০৫২টি পরিবার পাচ্ছেন জমি সহ ঘর। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতায় চতুর্থ পর্যায়ে আগামী ২২ মার্চ সারাদেশে ৩৯ হাজার ৩৬৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ শতাংশ জমি সহ ঘর বরাদ্দ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
ওইদিন চট্টগ্রাম জেলায় তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ১৫৯টি এবং ৪র্থ পর্যায়ের ৮৯৩টি সহ মোট ১০৫২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ শতাংশ জমি সহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হবে।
এছাড়াও চট্টগ্রাম জেলার ০২টি উপজেলা যথাক্রমে রাউজান এবং বোয়ালখালী উপজেলাকে হালনাগাদ যাচাই-বাছাইকৃত তথ্য উপাত্তের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২০২৩ সালের ২২ মার্চ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করলেন স্বাধীন বাংলাদেশ। যুদ্ধ বিধ্বস্ত নবীন দেশে ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে নোয়াখালী সফরে গিয়ে আশ্রয়হীনদের প্রথম পুনর্বাসনের উদ্যোগ নেন বঙ্গবন্ধু।
জাতির পিতার কন্যা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথম সরকার গঠনের পর ১৯৯৭ সালে আশ্রয়হীনদের পুনর্বাসনের জন্য সরকারি অর্থায়নে প্রথম উদ্যোগ হিসেবে গ্রহণ করেন-“আশ্রয়ণ প্রকল্প”।
জাতির পিতার জন্মশতবার্ষিকীতে তাঁর কন্যা দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাসস্থান নিশ্চিতের ঘোষণা দেন। সরকারি উদ্যোগে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদানের এ নজির পৃথিবীর বুকে অনন্য। এতসংখ্যক ভূমিহীন ও গৃহহীন মানুষকে জমি সহ ঘর দেয়ার নজির পৃথিবীর আর কোথাও নেই।
“মুজিবশতবর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ শতাংশ জমি সহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করেন।
তারই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী ২০২১ সালের ২৩ জানুয়ারি সারাদেশে ৬৩ হাজার ৯৯৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ শতাংশ জমি সহ ঘর বরাদ্দ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। সারাদেশের ন্যায় চট্টগ্রাম জেলায় প্রথম পর্যায়ে ১ হাজার ৪৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ শতাংশ জমি সহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হয়েছে।
পরবর্তীতে তৃতীয় পর্যায়ে ২০২১ সালের ২০ জুন সারাদেশে ৫৩ হাজার ৩৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ শতাংশ জমি সহ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে চট্টগ্রাম জেলায় ৬৪৯টি পরিবারকে ০২ শতাংশ জমি সহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হয়েছে।
প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তৃতীয় পর্যায়ে গত ২০২২ সালের ২৬ এপ্রিল সারাদেশে ৩২ হাজার ৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ শতাংশ জমিসহ ঘর বরাদ্দ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।
চট্টগ্রাম জেলায় তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১ হাজার ২১৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হয়েছে।
পরবর্তীতে ২০২২ সালের ২১ জুলাই প্রধানমন্ত্রী সারাদেশে তৃতীয় পর্যায়ের (২য় ধাপ) ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ শতাংশ জমিসহ ঘর বরাদ্দ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।
উল্লেখ্য, চট্টগ্রাম জেলার ০৪টি উপজেলা যথাক্রমে পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলাকে হালনাগাদ যাচাই-বাছাইকৃত তথ্য উপাত্তের ভিত্তিতে ২০২২ সালের ২১ জুলাই ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জ/আ