প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৫:২০ পিএম

লাল বাঁধাকপি চাষ করে সিরাজগঞ্জের কৃষকরা লাভবান হচ্ছে। এ বছর প্রথমবার চাষ করেই তারা লাভবান হওয়ায় তারা লাল বাঁধাকপি চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
আগামীতে এখানে ব্যাপকভাবে এই সবজির চাষ হবে বলে জানান কৃষকরা। লাল বাঁধাকপি সম্প্রতি বিশ্বব্যাপি দারুণ জনপ্রিয় একটি সব্জি। দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি রয়েছে এর স্বাস্থ্য গুনাবলি।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এটি ক্যান্সারের ঝুঁকি কমায়, চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধিতে সহায়ক, ওজন কমাতে সহায়ক এবং অ্যালজাইমার্স দুর করতে সাহায্য করে। লাল বাঁধাকপিতে প্রচুর পরিমানে ক্যারোটিনয়েড বা ভিটামিন এ থাকে।
বিভিন্ন দেশের মত বাংলাদেশেও এর চাষ বাড়ছে। এ বছর সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামে মোঃ মজনু মিয়া ১ বিঘা জমিতে কাজী সিডস্ এর হাইব্রিড রেড ক্যাবেজ লাল বাবু চাষ করেণ।
তিনি এবার পাইকারি দরে প্রতি পিচ ২৫/২৭ টাকা করে বিক্রি করেছি। বাজারে যখন সবুজ পাতাকপির পাইকারি দাম ৩/৫ টাকা সেখানে এই উচ্চ দাম পাওয়ায় খুশি কৃষক।
এক বিঘাতে জমিতে তার সেচ, বীজ, সার ও কীটনাশক দিয়ে প্রায় ১৩/১৪ হাজার টাকা খরচ হয়েছে। তিনি প্রায় এক লক্ষ টাকার মত বিক্রি করেছেন ।
আত্র এলাকার কৃষক মোঃ মজনু বলেন, আমি এবারই প্রথম করেছি। আগামী বছর এটা আগাম লাগাবো। অন্য ফসলের তুলনায় এটা চাষ করে আমি লাভের মুখ দেখছি।
কৃষক মোঃ ইলিয়াস বলেন, এই এলাকায় এটাই প্রথম রেড ক্যাবেজ চাষ করা হয়েছে। আমরা এটা দেখে উৎসাহী হচ্ছি আগামী বছর এর চাষ এই এলাকায় আরো বাড়বে।
কাজী সিডস্ এর ম্যানেজিং ডিরেক্টর কাজী সোহেল রানা বলেন, জাপান থেকে আমদানীকৃত লাল বাবু জাতের এই রেড ক্যাবেজটির গড় ওজন তিন কেজি। কালার ও ফলের সাইজ অনেক আকর্ষণীয় এবং রোগমুক্ত জাত।
এবিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার সাদাত জানান, রেড ক্যাবেজ ভিটামিন সমৃদ্ধ একটি সবজি। বাজারে এর দামও বেশী। ফলে এই সবজি চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে। এবিষয়ে কৃষি অফিস থেকে কৃষকদের নানা পরামর্শ দেয়া হচ্ছে। যাতে আগামীতে এই উপজেলার কৃষকরা রেড ক্যাবেজ চাষে আগ্রহী হয়।