প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩২ এএম

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে কোনাপাড়া বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মনির সরদার। নিহত মনির সরদার মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর আন্দারচর গ্রামের মৃত লালচান মিয়ার ছেলে। কোনাপাড়া এলাকায় থাকতেন তিনি। স্থানীয় একটি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন মনির।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে কোনাপাড়ার বাসা থেকে কর্মস্থলের উদ্দিশ্যে বের হন মনির। কোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাব্বির হোসেন আরও জানান, জরুরি সেবা ৯৯৯ কলের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে ধরা যায়নি। গাড়িটির শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
জ/আ