ড্রেসিং রুমে ধূমপান, খালেদ মাহমুদকে জরিমানা
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৫১ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা চলাকালে ড্রেসিং রুমে দাঁড়িয়ে ধূমপান করছিলেন খালেদ মাহমুদ সুজন। খালেদ মাহমুদ খুলনা টাইগার্সের কোচ। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বিসিবির একজন পরিচালক ও বাংলাদেশ দলের টিম ডিরেক্টর।

এ ঘটনার তিন দিন পর তাকে জরিমানা করা হয়েছে। জানা গেছে, ক্রিকেটের চেতনাবিরোধী কাজের জন্য ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। পাশাপাশি দেওয়া হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

এছাড়া আচরণবিধি ভঙ্গের কারণে জরিমানা করা হয়েছে রংপুর রাইডার্সের শেখ মেহেদি হাসান, নিকোলাস পুরান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেনকেও।

বিপিএলের লিগ পর্বের শেষ দিনে শুক্রবার ফরচুন বরিশালের বিপক্ষে ৬ উইকেটের রোমাঞ্চকর জয় পায় খুলনা। ওই ম্যাচের শেষ ওভারে উত্তেজনাময় মুহূর্তে টিভি পর্দায় স্পষ্ট দেখা যায়, ড্রেসিং রুমের ভিউয়িং এরিনায় দাঁড়িয়ে ধূমপান করছেন খালেদ মাহমুদ। খুলনা কোচের সিগারেটে টান দেওয়ার এক ঝলকের ওই দৃশ্য দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

খালেদ মাহমুদের বিরুদ্ধে বিসিবির আচরণবিধির লেভেল-১-এর ২.২০ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। যেখানে বলা হয়েছে খেলার চেতনার পরিপন্থী কাজে জড়ানো।

আম্পায়ারদের অভিযোগের প্রেক্ষিতে শাস্তির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। খালেদ মাহমুদ অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft