সংবিধান ও গণতন্ত্র নিয়ে বিএনপির আগ্রহ নেই: ওবায়দুল কাদের
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪৩ পিএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করে বলেছেন, সংবিধান ও গণতন্ত্র নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, গণতন্ত্র ও সংবিধানে আগ্রহ না থাকলে রাষ্ট্রপতি নিয়ে বিএনপির আগ্রহ না থাকারই কথা। এ নিয়ে আমরা অবাক হইনি।

তিনি বলেন, আমরা এমন রাষ্ট্রপতি করিনি যার নাম ইয়াজউদ্দিন, কিন্তু কার্যক্রমে ইয়েস উদ্দিন। এই ইয়েস ধরনের কোনো ব্যক্তিকে আমরা রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেইনি। আমরা সুশিক্ষিত, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি। যার গোটা জীবনটাই বর্ণাঢ্য।

আওয়ামী লীগের এই নেতা বলেন, নতুন রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী কাজ করলেই আমরা খুশি। সংবিধান রাষ্ট্রপতিকে যে দায়িত্বভার দিয়েছেন সেটা তিনি করবেন। সংবিধানের বাইরে কিছু করার থাকবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সংলাপেও আগ্রহ নেই। আগ্রহ থাকলে তারা রাষ্ট্রপতি ও ইসির সংলাপে থাকত। তাদেরকে সংলাপে ডাকার পরেও তারা যায়নি। তারা সংলাপে বিশ্বাস করে বলে মনে হয় না।

তিনি বলেন, আমরা প্রতিযোগিতামূলক নির্বাচন চাই। তাই বিএনপির মতো দল নির্বাচনে থাকুক এটা আমাদের প্রত্যাশা।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft