৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি জিএম কাদেরের
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৬ পিএম

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ঘোষণা দিয়ে বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার।

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর পোস্তগোলায় কর্মী সমাবেশে তিনি বলেন, ‘সস্তায় এমপি, মন্ত্রী হয়ে লাভ নেই। জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি।’

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই দাবি করে জিএম কাদের বলেন, নির্বাচনে জাতীয় পার্টি হারুক কিংবা জিতুক, মানুষের ভোটের অধিকার ফেরত চায় জাপা।

উচ্চ আদালতের আদেশে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা ওঠার ছয় দিনের মাথায় প্রথমবার খোলা ময়দানে তৃণমূল কর্মীদের সামনে হাজির হন জিএম কাদের।

এই কর্মী সমাবেশে নেতাদের বক্তব্যে ঘুরে ফিরে উঠে আসে জিএম কাদেরের দায়িত্ব পালনে দেয়া নিষেধাজ্ঞার ইস্যুটি। এক্ষেত্রে ক্ষমতাসীন দলের প্রতি অভিযোগের তীর ছোড়েন জাতীয় পার্টির নেতারা।

সমাবেশে দেয়া বক্তব্যে জিএম কাদের বলেন, জনগণ শুধু চেহারার নয় রাজনীতির গুনগত পরিবর্তন চায়। এজন্য জনগণের সমর্থন নিয়ে দেশ শাসনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি।

জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, আইএমএফের শর্ত মানতে এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অজুহাতে সরকার গ্যাস বিদ্যুতের দাম বাড়াচ্ছে। এতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। টিসিবির পরিবর্তে রেশনের মাধ্যমে জনগণকে পণ্য দেয়ার দাবি জানান জিএম কাদের।

কথা বলেন সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার ঘটনা নিয়েও। জিএম কাদের বলেন, সাগর-রুনি হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের কথা বললেও ১১ বছর পার হলেও তদন্ত শেষ হয়নি। ঘরের ভেতর খুন হয়েছে সাগর-রুনি। অথচ কাউকে গ্রেফতার করা গেলো না। ১১ বছরে কেন তদন্ত শেষ হলো না। এর পেছনে প্রভাবশালী মহল জড়িত।

তিনি বলেন, গত ৭ বছরে রিজার্ভ চুরির অর্থ ফেরত আনতে পারেনি সরকার। রিজার্ভ চুরির তদন্ত রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি কেন এই প্রশ্নও রেখেছেন জিএম কাদের।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft