প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫৪ পিএম

যশোরের শার্শা উপজেলায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের আহসান কবির অঙ্কুরের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শার্শা থানার পরিদর্শক (তদন্ত) আকিকুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছন।
নিহত জেসমিন আক্তার পিংকি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাউরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে।
এ ঘটনায় আটকরা হলেন- দক্ষিণ বুরুজবাগান গ্রামের আকবার আলীর ছেলে ও পিংকির সহপাঠী আহসান কবির অঙ্কুর, একই এলাকার রুমেল ও হোসনে আরা।
পিংকির বাবা জাকির হোসেন বলেন, ২ ফেব্রুয়ারি যশোরের বারান্দিপাড়া মেস থেকে বেরিয়ে বাজারে যাওয়ার পর নিখোঁজ হন পিংকি। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
খুলনার র্যাব-৬ এর যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান বলেন, সহপাঠী আহসান কবির অংকুরকে আটক করে জিজ্ঞাসাবাদের পর লাশটির সন্ধান পাওয়া যায়।
শার্শা থানার পরিদর্শক (তদন্ত) আকিকুর বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে পিংকিকে এখানে নিয়ে আসা হয়। পরে তাকে শারীরিক নির্যাতন করে হত্যা করে লাশ গুম করার জন্য সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়।“
এ ব্যাপারে মামলা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জ/আ