তাইওয়ানের প্রেসিডেন্ট নিজের এক মাসের বেতন দিচ্ছেন তুরস্কের দুর্গতদের
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৭ পিএম

মধ্যপ্রাচ্যের কয়েক দশকের মধ্যে সোমবার (৬ ফেব্রুয়ারি) সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্প হয়েছে তুরস্ক-সিরিয়ায়। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনাবিষয়ক কর্তৃপক্ষ এএফইডি জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১২ হাজার ৩৯১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬২ হাজার ৯১৪ জন।

তুরস্কে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজিয়ান্তেপ শহর। ভূমিকম্পের পরে শতাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে।

এমন অবস্থায় তুরস্কের ভূমিকম্প দুর্গতদের সহায়তায় নিজেদের এক মাসের বেতন পাঠাচ্ছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ও ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। খবর ডেইলি সাবাহ।

প্রেসিডেন্টের কার্যালয় বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বলেছে, আঙ্কারাকে ইতোমধ্যে কিছু ত্রাণ পাঠিয়েছে তাইপে, কিন্তু সাই ও লাইয়ের বেতন এর বাইরে।

প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব দেশ পুনর্গঠনে তাদের দেওয়া সহায়তা তুরস্কের কাজে লাগবে বলে আশা করছেন তারা।

এর আগে, গত বছর সাই ও লাই তাদের এক মাসের বেতন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মানবিক ত্রাণ তহবিলে দান করেছিলেন। সাইয়ের এক মাসের বেতন চার লাখ তাইওয়ানি ডলার, যা ১৩ হাজার ৩০০ মার্কিন ডলারের সমতুল্য।

তাইওয়ানেও প্রায়ই ভূমিকম্প হয়। বিভিন্ন সময় ভূমিকম্পের মারাত্মক ক্ষতির অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া স্বশাসিত দ্বীপটি। তুরস্কের ভূমিকম্প দুর্গতদের ২০ লাখ ডলার ত্রাণ দেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ভূমিকম্প দুর্গত এলাকায় ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া জীবিতদের উদ্ধারে চলা কার্যক্রমে সহায়তা করতে তারা দুটি উদ্ধারকারী দলও পাঠিয়েছে।

বুধবার সাই দুর্গত এলাকায় উদ্ধারকাজ চালানো তাইওয়ানি দলের কয়েকজনের সঙ্গে কথাও বলেছেন।

নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন— তাইওয়ান ও তুরস্ক যেন একে অপরকে সহায়তা করতে পারে, সে জন্য ঝুঁকিতে ভয় না পেয়ে তুরস্কে যাওয়া দলের সব সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, ১৯৯৯ সালে তাইওয়ানে হওয়া এক শক্তিশালী ভূমিকম্পের পর আন্তর্জাতিক তৎপরতায় তুরস্কও অংশ নিয়েছিল। সেই সময় তাইওয়ানে উদ্ধারকারী দল পাঠিয়েছিল তারা। সেবারের ভূমিকম্প দ্বীপটির দুই হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft