তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প: বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৯ পিএম

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৯ হাজার ৫০০ জন। ভূমিকম্পে নিহত দুই দেশের নাগরিকদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ।

আগামীকাল (বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি) সারা দেশে এই শোক পালন করা হবে বলে বুধবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে। এর ১১ মিনিট পরই আঘাত হানে ৭.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প। তুরস্ক ও সিরিয়া ছাড়াও ভূমিকম্প পাশের দেশ সাইপ্রাস ও লেবাননেও অনুভূত হয়।

এদিকে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, ‘দুর্যোগের মাত্রা যতই স্পষ্ট হয়ে উঠছে, নিহতের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার আশঙ্কাও তত বাড়ছে। ভয়াবহ এ দুর্যোগে হাজার হাজার শিশু মারা যেতে পারে।’
 
এদিকে, দুর্গতদের সহায়তায় বাংলাদেশ সরকার সেখানে ফায়ার সার্ভিস, সেনা ও বিমান বাহিনীর উদ্ধারকারী দল পাঠাচ্ছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft