প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৩১ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের মন্তব্য করে বলেছেন, নির্বাচনে জোটবদ্ধ হওয়া বন্ধুত্ব, ক্রীতদাস হওয়া নয়। তিনি বলেন, নির্বাচনে আমরা জোটবদ্ধ হওয়াকে বন্ধুত্ব মনে করি। জোটবদ্ধ হওয়া মানে ক্রীতদাস হওয়া নয়, জোটবদ্ধ মানে দাসত্ব নয়। আমরা রাজনীতি করি। দেশের মানুষের স্বার্থই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে কুমিল্লা জেলা জাতীয় পার্টি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় জিএম কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ বিভিন্নভাবে নিষ্পেষিত হচ্ছে। প্রতিদিন খাদ্যপণ্যের দাম বাড়ছে। আবার মানুষের আয়ও কমে যাচ্ছে। এ কারণেই মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। দেশের মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমাদের রাজনীতি দেশের মানুষের জন্য। তাই আমরা দেশের মানুষের জন্য কথা বলি। দেশের মানুষের পক্ষে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিতে সরকারের সমালোচনা করছি। সরকারের সমালোচনা কখনই রাষ্ট্রদ্রোহিতা হতে পারে না। অনেকেই সরকারের বিরোধিতাকে রাষ্ট্রদ্রোহিতা মনে করেন। সমালোচকদের মুখ বন্ধ করতে চেষ্টা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘সরকার দেশের মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করেছে। সরকারি দল না করলে চাকরি মেলে না, ব্যবসা করা যায় না। স্বাধীনতার আগে পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্য করেছিল। সেই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে এখনো দেশের মানুষ বৈষম্যের শিকার। দেশের মানুষের সঙ্গে বৈষম্য হচ্ছে স্বাধীনতার চেতনা পরিপন্থি।’
নেতাকর্মীদের উদ্দেশে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ভালো কাজে ভালো মূল্য দিতে হয়। ভালো কাজ করতে গেলে জুলুম-নির্যাতন আসবেই। সব বাধা উপেক্ষা করে আমরা গণমানুষের পক্ষেই কথা বলব। আমরা সম্মান আর ভালোবাসার জন্য রাজনীতি করি। টাকা বা লোভ-লালসার জন্য জাতীয় পার্টির রাজনীতি নয়। তাই সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে আমরা কখনই মাথা নত করব না।
সভায় আরও বক্তব্য দেন- জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিম, সদস্য সচিব হুমায়ুন কবির মুন্সি।
সভায় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা গোলাম মোস্তফা, মমতাজ উদ্দিন, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, এনাম জয়নাল আবেদীন প্রমুখ।
-জ/অ