আবারও তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৭ পিএম

তুরস্ক-সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে আবারও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে।

দ্বিতীয় ভূমিকম্পটি স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২৪ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের কাহরামানমারাস শহরের কাছে আঘাত হানে। শহরটি গাজিয়ান্তেপের উত্তরে প্রায় ৮০ মাইল দূরে অবস্থিত। তুরস্ক জানিয়েছে, দেশটির দক্ষিণপূর্ব অঞ্চলে আঘাত হেনেছে এ ভূমিকম্প। সিরিয়া জানিয়েছে, নতুন ভূমিকম্পে কেঁপে উঠেছিল দামেস্ক শহরও। খবর দ্য গার্ডিয়ানের। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, এর আগে স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশের নূরদাগি শহরের পূর্বাঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। অঞ্চলটি সিরিয়ার সীমান্তবর্তী।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ জন ছাড়িয়েছে। আহত হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ভূমিকম্পে শুধু তুরস্কেই ৯১২ জন নিহত হয়েছেন এবং ৫ হাজার ৩৮৩ জন আহত হয়েছেন। তিনি বলেন, ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ে আছেন। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

১৯৩৯ সালের পর এটিই দেশটিতে সবচেয়ে বড় ভূমিকম্প। এরদোয়ান সাংবাদিকদের বলেন, ভূমিকম্পে ২ হাজার ৮১৮টি ভবন ধসে পড়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ৩১২ জনের বেশি নিহত এবং ১ হাজারের বেশি আহত হয়েছেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft