বাংলাদেশি কর্মীদের খরচ ও প্রক্রিয়া আরও ত্বরান্বিত করা হবে: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪০ পিএম

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেছেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাওয়া কর্মীদের কম খরচ ও প্রক্রিয়া আরও ত্বরান্বিত করা হবে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সম্পন্ন হওয়া আগের চুক্তি রিভিউ করা হচ্ছে এবং প্রয়োজনে সেটি পরিবর্তন করা হবে।
রোববার (৫ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে তার দপ্তরে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমানে মালয়েশিয়ায় ১৫ লাখ বিদেশি কর্মী কাজ করছেন। ১৫টি দেশ থেকে যাওয়া এসব বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশর সর্বোচ্চ কর্মী রয়েছে এবং যথাক্রমে পাকিস্তানের কর্মীরা রয়েছেন।
তিনি বলেন, বৈঠকে দুটো বিষয়ে আলোচনা হয়েছে। কিভাবে মাইগ্রেশন খরচ কমানো যায় এবং মালয়েশিয়ায় চলমান অবৈধ কর্মীদের বৈধতার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া অবৈধ কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। এরমধ্যে নিবন্ধিত কর্মীদের ৫৫ ভাগ শুধু বাংলাদেশিরই রয়েছেন। এটা অত্যন্ত ভালো দিক।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, এই বৈঠকে আমাদের কোনো এজেন্ডা ছিল না। তবে বৈঠকে কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু আলোচনা হয়েছে। যেহেতু মালয়েশিয়ায় এখন নতুন সরকার, তাই আগামীতে আরও সহজ প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। আশাকরি, এ মাসের মধ্যেই উভয় দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়েছে। দ্রুত সময়েই ভালো কিছুর প্রত্যাশা করছি।
প্রথম বিদেশ সফরে শনিবার ঢাকা এসেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। এ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।
বৈঠক শেষে আজ দুপুরেই মালয়েশিয়ার উদ্দেশ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের মধ্যে দিয়ে চলমান শ্রমবাজার সংকট সমাধানসহ অবৈধদের বৈধতায় বড় সুযোগ হিসেবেই দেখছেন সরকারের সংশ্লিষ্ট অংশীজনেরা।
জ/আ