প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৪২ পিএম

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করে বলেছেন, আমরা কথা দিলে সেটা রাখে, যেই কথা দিয়েছি তা রেখেছি।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫ মিনিটে রূপগঞ্জের পূর্বাচল সেক্টর-৪ এ পাতাল রেলপথ নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করেছি। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে। ২০৩০ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হবে।
তিনি বলেন, আগামী ১০০ বছরের উন্নয়ন পরিকল্পনাও করা হয়েছে।
শেখ হাসিনা পদ্মাসেতু নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার বিষয়টি উল্লেখ করে বলেন, আমরা বিশ্বকে নিজেদের টাকায় সেতু করে দেখিয়েছি। যতক্ষণ জনগণ সঙ্গে থাকবে কেউ কিছু করতে পারবে না। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই আমার কাজ।
বৈশ্বিক অর্থনৈতিক সংকটসহ চলমান অস্থিরতায় সবাইকে কৃচ্ছ্রতা সাধনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবকিছুর দাম বেড়েছে। সবাইকে পানি, বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। সবাইকে হিসাব করে চলার জন্য অনুরোধ জানাচ্ছি।
অনেক দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে যেন এই অবস্থা না হয়। তাই এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে।
এসময় প্রধানমন্ত্রী বলেন, পাতালরেলের নির্মাণকাজ করার সময় জনগণের চলাচলে কোনো সমস্যা হবে না। মাটির নিচে বোরিং মেশিন দিয়ে গর্ত করে টানেল করা হবে। ভূ-পৃষ্ঠের ১০ মিটার নিচে কাজ করা হবে। তাই ওপর থেকে বোঝা যাবে না যে মাটির নিচে কাজ চলছে।
প্রসঙ্গত, সরকার প্রথমবারের মতো বিমানবন্দর-কমলাপুর এবং পূর্বাচল-নতুন বাজার-রূপগঞ্জের পিতলগঞ্জ রুটের মধ্যে ৩১ দশমিক ২৪১ কিলোমিটারের পাতাল ও উড়াল এমআরটি লাইন-১ নির্মাণ করছে। এই মেগা প্রকল্প ডিএমটিসিএল বাস্তবায়ন করবে।
-জ/অ