প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৫:০৪ পিএম

শোবিজের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া দোয়া চেয়েছেন দিল্লি থেকে। তার নাকে সার্জারি হওয়ার কথা ২৮ নভেম্বর।
শবনম ফারিয়া বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। সেখানের একটি হাসপাতালে ২৭ নভেম্বর (রোববার) সন্ধ্যায় ভর্তি হবেন। পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে, ২৮ নভেম্বর তার সার্জারি। দিল্লি থেকে মোবাইল ফোনে এমনটাই জানিয়েছেন শবনম ফারিয়া।
ছোটবেলা থেকেই তার নাকের গড়নে সমস্যা থাকায় নাকের সমস্যায় ভুগছেন ফারিয়া। এ জন্য নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কিন্তু অভিনেত্রীর ধারণা ছিল, তিনি হার্টের সমস্যায় ভুগছেন। কারণ, তার বাবা-মা-বড় বোন একই জটিলতায় ভুগছেন।
কিন্তু দিল্লিতে পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেল তার আসল সমস্যা। হার্ট নয়, নাকের সমস্যাতেই ভুগছেন ফারিয়া। মোবাইল ফোনে ফারিয়া বলেন, ‘আমার ঠান্ডা লেগেই থাকত। এরপর নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ধরেই নিয়েছিলাম হার্টে সমস্যা। তবে দিল্লি এসে নিশ্চিত হলাম, সমস্যাটা নাকে। নাকের হাড় বাঁকা। এটি কেটে ফেলতে হবে।’
এর আগে, ২৪ নভেম্বর নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন ফারিয়া। লিখেছেন, ‘আজ আমার সার্জারি হওয়ার কথা! যখন ইমেডিয়েটলি সার্জারি করতে হবে জানলাম, একটু টেনশনে পড়লাম, কে যাবে আমার সাথে! আমার বড় বোন দিল্লি থাকে। এইটা একটা ব্যাপার, কিন্তু হাসপাতালে থাকার জন্য কাউকে লাগবে! আমার মেজো বোন সবসময় এই কাজগুলো করে, কিন্তু আমার ছোট ভাইগ্নার ফাইনাল পরীক্ষা, আপু আসতে পারবে না!
আর আমার আম্মুর যে শারীরিক অবস্থা, আম্মুর পক্ষেও এসে থাকা সম্ভব না! তখন আমার বড় ভাগ্না নিজ থেকে বলে, আমি যাব! ওর নাম সীমান্ত!’
-জ/অ