প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ১১:১৫ এএম আপডেট: ১৮.১১.২০২২ ১১:১৯ এএম

মিডিয়ায় এতদিন ভক্তদের উদ্বেগ ছিল তারকা দম্পতি শোয়েব মালিক আর সানিয়া মির্জাকে নিয়ে। তবে সে হাওয়া ঠান্ডা হতে না হতেই এবার বিবাহবিচ্ছেদের গুঞ্জনের ঝড় উঠেছে তারকা দম্পতি সৃজিত-মিথিলাকে নিয়ে।
গুঞ্জন উঠেছে, শিগগিরই ঘর ভাঙছে সৃজিত মিথিলার। এরই মধ্যে ডিভোর্সের সব কাগজপত্র তৈরি করে ফেলেছেন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার, অর্থনীতিবিদ সৃজিত মুখোপাধ্যায়।
বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মিথিলা আর ওপার বাংলার প্রথম সারির অন্যতম পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ২০১৯ সালে ভালোবেসে সৃজিত-মিথিলা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তাদের ফেসবুক পেজে সাম্প্রতিক দুটি পোস্ট ভক্তদের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি করেছে।
‘লং ডিসট্যান্স সম্পর্ক’ নিয়েও তাদের ভালোবাসায় যে কমতি নেই, এতদিন তাই জানতেন ভক্তরা। তবে তাদের হেঁয়ালি ভরা পোস্ট যেন উসকে দিচ্ছে বিবাহবিচ্ছেদকেও।
শুরুটা অবশ্য করেন মিথিলার স্বামী সৃজিতই। একাকী একটি ছবির সঙ্গে তিনি তার ফেসবুক পেজে বিচ্ছেদ আর বিষাদের একটি গান পোস্ট করেন। মার্কিন গায়ক বব ডিলানের লেখা ‘ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা’ গানের কয়েকটি লাইন ছিল সেটি। ‘দেয়ার ইজ নো নিড ফর অ্যাঙ্গার, দেয়ার ইজ নো নিড ফর ব্লেম।’ বাংলায় এর অর্থ দাঁড়ায়, ‘এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সবকিছু একই রয়েছে, সৈকতে শুধু একটা গাছ দাঁড়িয়ে রয়েছে একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।'
বর্তমানে মেয়েকে নিয়ে ব্যাংককে রয়েছেন মিথিলা। এর মাঝেই হঠাৎ সৃজিতের পোস্টের পর মিথিলাও ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে লেখেন, ‘কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটা জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পারো?’
এর আগে মিথিলাকেও বিচ্ছেদের সুরে পোস্ট দিতে দেখেছেন ভক্তরা। বিখ্যাত ‘লাইক আ রোলিং স্টোন’ গানটি থেকে ধার করে ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘উইদ নো ডিরেকশন হোম, লাইক আ কমপ্লিট আননোন, লাইক আ রোলিং স্টোন।’ ফলে সময়ের সঙ্গে জল্পনা বেড়েছে। তাদের সংসারে অশনিসংকেতও আন্দাজ করছেন কেউ কেউ। তবে এরপর এ বিষয়ে আর কোনো পোস্ট এখনও দেননি এই তারকা দম্পতি। তাই ভবিষ্যতে কী হতে যাচ্ছে তা এখনও বলা যাচ্ছে না।
-জ/অ