১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৪:৫০ পিএম

রাজধানীর নয়াপল্টনে আগামী ১০ ডিসেম্বর মহাসমাবেশ করতে চায় বিএনপি। সমাবেশের অনুমতি পেতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে মিন্টো রোডে ডিএমপি কমিশনারের কার্যালয়ে এই সাক্ষাৎ করেন তারা।

পরে বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি সদর দপ্তর থেকে বেরিয়ে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে বিভাগীয় শহরে ধারাবাহিক গণসমাবেশ করেছে বিএনপি। এর ধারাবাহিকতায় আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করব আমরা। সমাবেশে বিএনপির নেতা-কর্মীদের আসতে যাতে বাধা দেওয়া না হয় এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেসব বিষয়ে জানানো হয়েছে ডিএমপি কমিশনারকে।

আমান আরও বলেন, বেশ কয়েকটি বিভাগীয় শহরে আমাদের সমাবেশ হয়েছে। এ ছাড়া আগামীতে আরও ছয়টি বিভাগীয় শহরে সমাবেশ করার কথা রয়েছে। ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। তার অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আলোচনা করে আমাদের জানাবেন।

এসময় আমান উল্লাহ আমান উল্লেখ করে আরও বলেন, বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ গণসমাবেশ করতে চায়।

সমাবেশকে কেন্দ্র করে যাতে গণপরিবহন বন্ধ করে দেওয়া না হয়, সে বিষয়ও ডিএমপি কমিশনারের কাছে জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আমান উল্লাহ ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেন।

প্রতিনিধি দলে ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft