ফেসবুক থেকে বেটউইনার সংশ্লিষ্ট পোস্ট মুছলেন সাকিব
প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ২:১৩ পিএম

বাজি ধরার প্রতিষ্ঠান বেটউইনারের সঙ্গে করা ১০ কোটি টাকার চুক্তি শেষমেষ বাতিল করেছেন সাকিব আল হাসান।

মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কড়া হুশিয়ারির মুখে চুক্তিটি বাতিল করতে বাধ্য হয়েছেন সাকিব।

তবে চুক্তি বাতিল করার ঘোষণার পরও সাকিবের ফেসবুকে ঠিকই দেখা যাচ্ছিল বেটউইনারের শুভেচ্ছা দূত হিসেবে তার করা পোস্টটি। যা গত ২ আগস্ট পোস্টটি দিয়েছিলেন সাকিব।

এদিকে সমালোচনার মধ্যে গতকাল (শুক্রবার ১২ আগস্ট) ভোররাতে দেশে ফিরেছেন সাকিব।  আর দেশের মাটিতে পা রাখার কিছু পরেই বির্তকিত সেই ফেসবুক পোস্টটি নিজের অফিসিয়াল পেজ থেকে মুছে দিয়েছেন তিনি।

চুক্তি থেকে সরে আসার পর পোস্ট মুছে দিলেও বির্তক পিছু ছাড়ছে না সাকিবের।

বাংলাদেশের আইনে যেকোনো ধরনের বাজি, জুয়া নিষিদ্ধ। দেশের আইন যেখানে এমন, সেখানে দেশের একজন শীর্ষ ও অভিজ্ঞ ক্রিকেটার কীভাবে একটি বেটিং প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হলেন, সেটি নিয়ে প্রশ্ন ক্রিকেটপ্রেমিদের।

সাকিবের শাস্তি হওয়া উচিত বলে মনে করছেন অনেকে। কিন্তু শাস্তির বদলে হয়তো সাকিবকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড।

বিসিবি সভাপতি এ বিষয়ে বলেন, শাস্তি না দিলেও এমন কাণ্ডের জন্য সাকিবকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

পাপন বলেন, দেশে ফিরেই আজ বিসিবিতে দেখা করতে হবে সাকিবকে। সে সময় জুয়াড়ি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কেন করেছিলেন, তার ব্যাখা দিতে হবে সাকিবকে।

সাকিব অবশ্য সে জবাব দেওয়ার আগেই এক ধাপ এগিয়ে রাখলেন নিজেকে। আজ (শনিবার ১৩ আগস্ট) দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসার কথা আছে তার। এর আগেই এই পোস্ট মুলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft