সারা দেশের ব্যাংকের শাখায় শাখায় মিলবে ডলার
প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ১১:১০ পিএম আপডেট: ১৩.০৮.২০২২ ১২:২২ এএম

এবার ব্যাংকের শাখাগুলোতেও ডলার কেনাবেচা হবে। ডলার সংকট কাটাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে এর ফলে গ্রাহকরা ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে চাহিদা অনুযায়ী ডলার ক্রয়-বিক্রয় করতে পারবেন। কোন এলাকার কোন শাখায় এ ধরনের সেবা চালু করা যায় তার একটি তালিকা ব্যাংকগুলোর কাছে চাওয়া হবে।

বর্তমান নিয়মে শুধুমাত্র বৈদেশিক লেনদেনে নিয়োজিত ব্যাংকের অথরাইজড ডিলার (এডি) শাখাগুলো থেকে নগদ ডলার কেনাবেচার অনুমতি রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, এটা মাত্র প্রাথমিক সিদ্ধান্ত। তিনি জানান, আগামী রোববার এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।

নির্বাহী পরিচালক আরও বলেন, নগদ ডলার কেনাবেচায় মানি চেঞ্জারের ওপর নির্ভরতা কমানো এবং হুন্ডি প্রতিরোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তে মানি চেঞ্জারের হাত থেকে ডলার ব্যাংকের হাতে চলে আসবে। প্রবাহ বাড়বে ব্যাংকিং চ্যানেলে।

জানা গেছে, ডলার বেচাকেনার জন্য শুধুমাত্র এডি শাখাগুলোর অনুমতি রয়েছে। অথচ ঢাকার বাইরে এ ধরনের শাখার নাই বললেই চলে। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরেই বেশির ভাগ শাখা। অনেক জেলা শহরে এসব শাখা পাওয়া যায় না। ফলে প্রবাসী এবং বিদেশি পর্যটকদের নগদ ডলার কেনাবেচার জন্য মানি চেঞ্জার প্রতিষ্ঠানের ওপরই বেশি নির্ভর করতে হয়।

ব্যাংকিং চ্যানেল থেকে ডলার কিনতে হলে অনেক নিয়মের মধ্যে যেতে হয় যা খোলা বাজারে নেই। গ্রাহকদের ব্যাংক থেকে ডলার কিনতে এনডোর্সমেন্ট বাধ্যতামূলক। এসব কিছু কারণে ডলারের বাজারে চলমান অস্থিরতার পেছনেও মানি চেঞ্জাররা দায়ী বলে মনে করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে মানি চেঞ্জারদের ওপর নির্ভরতা কমাতে ব্যাংকের এডি শাখার বাইরে অন্যান্য শাখায়ও নগদ ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রা কেনাবেচার সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে শাখাগুলোতে একটি ডেস্কের মাধ্যমেই এ সেবা চালুর অনুমোদন দেওয়ার চিন্তা করা হচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে বৈদেশিক মুদ্রা লেনদেনে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পেয়েছে ২৩৫টি মানি চেঞ্জার। অথচ দেশে বৈধ-অবৈধ মিলে মানি চেঞ্জারের সংখ্যা ৭৪২টি। তাই অবৈধ বাকি ৫০৭টি মানি চেঞ্জারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানাল কেন্দ্রীয় ব্যাংক।

ডলারের কারসাজি রোধে খোলা বাজার ও একচেঞ্জ হাউজগুলোতে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে কেন্দ্রীয় ব্যাংক। গত সপ্তাহ পর্যন্ত কারসাজির অপরাধে পাঁচ মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত এবং পাশাপাশি ৪৫টিকে শোকজ করা হয়েছে। এছাড়া লাইসেন্স ছাড়া ব্যবসা করায় ৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে।


-জ/অ




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft