আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। তিনি তখন বাড়ি থেকে দোকান খোলার জন্য বাজারে যাচ্ছিলেন। তার আর কোন দিন দোকান খোলা হবে না। তার লাশ ময়না তদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় মোহাম্মদ আলী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মো. শাহজাহান (৫১) বাড়ি থেকে দোকান খোলার জন্য বাজারে যাচ্ছিলেন। মহাসড়কের ওপর ওঠা মাত্রই চট্টগ্রামের দিক থেকে ঢাকামূখী একটি দ্রুতগামী নতুন অনটেষ্ট পিকআপ তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তার ভগ্নিপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া জানান, তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে গেল।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আসিফ ইকবাল জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়েছিল। সম্ভবত তিনি হাসপাতালে আনার পথেই মারা গেছেন।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুস সামাদ দুর্ঘটনায় একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, অজ্ঞাত পিকআপটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।