প্রকাশ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ২:৫৮ পিএম

মাসুদ রানা পলক
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা: সংসারের একমাত্র আয় রোজগারের একমাত্র অবলম্বন তিন চাকার চার্জার ভ্যানটি চুরি হওয়ার পর দুশ্চিন্তায় পড়ে যায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার শারীরিক প্রতিবন্ধী রাজিব উদ্দিন।
আয় রোজগারের একমাত্র সম্বল হারিয়ে যেন দিশেহারা হয়ে পড়ে রাজিব। পাঁচ দিন পর উপহার হিসেবে নতুন একটি চার্জার ভ্যান পাওয়ায় খুশি রাজিব ও তার পরিবার।
গত রবিবার বিকেলে ৫৫ হাজার টাকার মোটরচালিত নতুন একটি ভ্যান আনুষ্ঠানিকভাবে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রতিবন্ধী রাজিবের হাতে তুলে দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন।
যানা যায়, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের দুলালপাড়া গ্রামে জন্ম রাজিব উদ্দিনের। জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। ২০০৬ সালে বাবা মারা যাওয়ার পর অভাব অনটনে দিন কেটেছে। ২০১৯ সালে সাহায্য সহযোগিতা আর ঋণ নিয়ে মোটরচালিত একটি তিন চাকার ভ্যান ক্রয় করেন তিনি। ভ্যান চালিয়ে বৃদ্ধ মা, স্ত্রী ও এক সন্তাানের পরিবারের খরচ বহন করছিলেন।
গত ২ আগস্ট ভোর রাতে তার বাসা থেকে চুরি হয়ে যায় ভ্যানটি। এ অবস্থায় হরিপুর থানায় অভিযোগ করেন। কোথাও কোন আশার আলো দেখে না পেয়ে। অসহায় হয়ে ঘুরে ফিরেছেন তিনি। সংসারের খরচ বহনে যখন দিশেহারা তখন এগিয়ে আসেন আওয়ামী লীগ নেতা মাজাহারুল ইসলাম সুজন। আনুষ্ঠানিকভাবে তুলে দেন নতুন একটি ভ্যান। আয়ের পথ ফিরে পাওয়ায় খুশি রাজিব ও তার পরিবার।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজিবের বিষয়টি আমি জেনেছি। বিভিন্ন মাধ্যমে খবর নিয়ে রাজিবের আয়ের পথ ফিরিয়ে দিতে উপহার হিসেবে ভ্যানটি দেয়া হয়েছে। আমি সব সময় অসহায় মানুষের পাশে থাকতে চাই।
ভ্যান গাড়ি বিতরণে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী, উপজেলা তাঁতী লীগের সভাপতি সাদেকুল ইসলাম প্রমুখ।