ওসমানী মেডিকেলের ২ শিক্ষার্থীকে কুপিয়ে জখম, বিক্ষোভ
প্রকাশ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ১০:১৯ এএম

নারী ইন্টার্ন চিকিৎসককে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে বহিরাগতরা। এ সময় ওই দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল সোমবার (১ আগস্ট) রাত ৮টার দিকে হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই সড়ক অবরোধ করেছেন মেডিক্যালের শিক্ষার্থীরা। সেই সঙ্গে হামলার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

শিক্ষার্থী ও হাসপাতাল সূত্র জানায়, আহত দুই শিক্ষার্থী হলেন শেষ বর্ষের ইমন আহমদ (২৪) ও তৃতীয় বর্ষের ছাত্র রুদ্র নাথ (২২)। 

এ ঘটনার প্রতিবাদে ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে রাত ১টার দিকে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা ওসমানী হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমান ভূঁইয়াকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, হাসপাতালের এক নারী ইন্টার্ন চিকিৎসককে কয়েকদিন ধরে উত্ত্যক্ত করছিল বহিরাগত কয়েকজন যুবক। উত্ত্যক্তের প্রতিবাদ করায় মেডিকেলের শিক্ষার্থী রুদ্র ও নাইমুর রহমানকে কুপিয়ে জখম করেছে বহিরাগতরা। স্থানীয় সাবেক কাউন্সিলর আব্দুল খালিকের ভাতিজা এ হামলায় জড়িত। এ ঘটনার বিচার দাবিতে সড়ক অবরোধ ও হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করেছেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। একইসঙ্গে ক্লাস বর্জন ও ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এ ঘটনার বিচার না হলে আজ মঙ্গলবার সকাল থেকে আন্দোলনে নামবেন শিক্ষার্থী ও ইন্টার্নরা।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft