ইভিএমে জাতীয় পার্টির আস্থা নেই
প্রকাশ: রোববার, ৩১ জুলাই, ২০২২, ৫:৪৩ পিএম আপডেট: ৩১.০৭.২০২২ ৫:৪৬ পিএম

ইসির সঙ্গে সংলাপে বসেছিলেন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলামসহ জাতীয় পার্টির প্রতিনিধি দল। এসময় রোববার (৩১ জুলাই) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) প্রধান বিরোধী দল জাতীয় পার্টির আস্থা নেই বলে সংলাপে অংশ নিয়ে জানিয়েছেন পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সকালে ইসির সংলাপে অংশ নেয়। 

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টি সংলাপে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইভিএম ব্যবহারের ঘোর বিরোধিতা করেছে।

জাপা মহাসচিব মুজিবুল হক সিইসিকে বলেন,  ‘ইভিএমে আমাদের আস্থা নেই। ব্যক্তিগতভাবে আমারও এতে কোনো আস্থা নেই। মানুষ মনে করে, ইভিএমে ভোট পাল্টে দেওয়া হলে কিছু করার নেই। কারণ, ফল পুনর্মূল্যায়ন করা যায় না।’

জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের দায়িত্বে থাকা দলটি মনে করে, ভোটের আগের রাতে কেন্দ্রে ব্যালট পেপার পাঠালে কারচুপি হয়।

কারচুপি ঠেকাতে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর দাবি জানিয়েছে দলটি।

এ বিষয়ে ইসিকে মজিবুল হক বলেন, ‘রাতে কিন্তু ভোট দেওয়া হয়। হয় মানে কী, আমরাই করাইছি, কী বলব, এটা হয়।’

জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু ছাড়াও পার্টির কো-চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ও সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূইয়া, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু সংলাপে অংশ নেন।

উল্লেখ্য , দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ১৭ জুলাই থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন (ইসি)।  সংলাপে আওয়ামী লীগ, বিএনপিসহ ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ধারাবাহিক সংলাপের শেষ দিন ছিলো আজ।  
 

-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft