প্রকাশ: রোববার, ৩১ জুলাই, ২০২২, ৫:০৪ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাবেক শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের আরেকটি বাড়ির সন্ধান মিলেছে।
বীরভূম জেলার বোলপুরের ভূমি রাজস্ব কর্মকর্তা সঞ্জয় রায় জানান, শান্তিনিকেতনে অবস্থিত ‘অপা’ নামের বাড়িটি অর্পিতা মুখোপাধ্যায়ের। সেখানকার ফুলডাঙ্গায় ১০ কাঠা জমির ওপর নির্মিত বাড়িটির জমি ২০২০ সালের ডিসেম্বরে অর্পিতার নামে রেকর্ডও রয়েছে।
সাবেক মন্ত্রী পার্থ এবং অর্পিতাকে জেরা করে শ্যামবাটির এই বাড়ির খোঁজ পান ইডি কর্মকর্তারা। অনেকের দাবি, অর্পিতা এবং পার্থের নামের আদ্যক্ষর মিলিয়ে এই বাড়ির নামকরণ করা হয়েছে।
স্থানীয়দের মতে, ‘অপা’ নামকরণ হয়েছে অর্পিতার নামের আদ্যক্ষর ‘অ’ এবং পার্থর নামের আদ্যক্ষর ‘পা’ থেকে। ঐ বাড়িতে নিয়মিত ছুটি কাটাতে যেতেন অর্পিতা। তবে পার্থকে সেখানে কখনো দেখা যায়নি।
এর আগে, ২২ জুলাই টালিগঞ্জের একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে ২১ কোটিও বেশি রুপি উদ্ধার করে ইডি। এ ঘটনায় পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রীর বাড়ি থেকেও অর্পিতার নামে বিভিন্ন সংস্থার নথি ও সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে।
অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার ওই সব নথির ভিত্তিতেই কলকাতা, শান্তিনিকেতনসহ রাজ্যে একাধিক জায়গায় বেশ কিছু জমি ও বাড়ির খোঁজ মিলেছে। সেগুলির প্রায় সবগুলোরই মালিকানা অর্পিতার নামে। সেগুলিতে পার্থের নাম ছিল না। এবার শান্তিনিকেতনের বাড়ির মালিকানাও দেখা গেল অর্পিতারই নামে। আপাতত অর্পিতা-পার্থ ইডির হেফাজতে রয়েছেন। আদালতের নির্দেশে ৩ আগস্ট পর্যন্ত তারা ইডি হেফাজতেই থাকবেন।
-জ/অ