মেজর সিনহা হত্যার ২ বছর আজ
দ্রুত রায় কার্যকরের আকুতি মায়ের, হাইকোর্টে শুনানির অপেক্ষা
প্রকাশ: রোববার, ৩১ জুলাই, ২০২২, ১২:৪৯ পিএম

দেশের আলোচিত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের দুই বছর পূর্ণ হয়েছে রোববার (রবিবার ৩১ জুলাই)। ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ ও তার সহযোগী পুলিশ সদস্যদের গুলিতে নিহত হন মেজর সিনহা। এই হত্যাকাণ্ড বাংলাদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা ২০২০ সালের ৩১ জুলাই ব্যক্তিগত গাড়িতে করে কয়েকজন সঙ্গীসহ টেকনাফ থেকে কক্সবাজার যাচ্ছিলেন।  মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া চেকপোস্টে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি করার কথা বলে তাকে গুলি করে হত্যা করে। 

হত্যাকাণ্ডের পর ২০২০ সালে পুলিশের ভাষ্য ছিল, ৩১ জুলাই রাত ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে সিনহা মো. রাশেদ খান নিহত হন।  

পুলিশ দাবি করে, তার সঙ্গে কথা বলতে চাইলে মেজর সিনহা অস্ত্র তাক করেন। ফলে তারা গুলি চালাতে বাধ্য হয়। এরপর সিনহার সঙ্গীদের বিরুদ্ধে মাদক মামলা দিয়েও ফাঁসানোর চেষ্টা করা হয়। 

ওসি প্রদীপ শুরুতে এই হত্যাকাণ্ডকে ক্রসফায়ার বলে চালিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আসল ঘটনা সামনে চলে আসায় ওসি প্রদীপ ও বাকিদের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের গ্রেফতার করা হলে শুরু হয় বিচার কার্যক্রম। 

এরপর অল্প সময়ের মধ্যে চার্জ গঠন ও রায় দেওয়া হয়। 

এরপর ২০২২ সালের ৩১ জানুয়ারী হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। এতে বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে ফাঁসির আদেশ দেওয়া হয়। এ ছাড়া এ মামলায় ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ রায় ঘোষণা করেন। 

ছেলেকে হারানোর দুই বছরে এসে হত্যাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকরের আশায় দিন গুণছেন এই মা। “আমার একমাত্র প্রত্যাশা যারা আমার ছেলেকে হত্যা করে আমার বুক খালি করেছে, সেইসব মানুষ নামধারী নরকের কীটদের যেন দ্রুত ফাঁসির রায় কার্যকর হয়। আমি আশায় বুক বেঁধে আছি সেই দিনের জন্য যেদিন এদের ফাঁসি হবে, আমার মনটা কিছুটা হলেও শান্তি পাবে।”

কথাগুলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মা নাসিমা আক্তারের। 

মেজর সিনহা হত্যা মামলায় রায়ের বিরুদ্ধে সাজা প্রাপ্ত আসামিররা হাইকোর্টে আপিল করেছেন। পাশাপাশি সর্বোচ্চ সাজাপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স এখন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়।

সিনহার মা নাসিমা আক্তার আরও বলেন, “আমার ছেলে ছিল আমাদের জন্য প্রাণের উৎস। সে যখনি সুযোগ পেয়েছে শুধুমাত্র মানুষের কল্যাণে এগিয়ে গিয়েছে। যেসব নরপিশাচরা আমার ছেলেকে হত্যা করে আমার বুক খালি করেছে তাদেরকে আমি কোনোদিন ক্ষমা করবো না। পরম করুণাময় আল্লাহর কাছে তো বিচার দিয়েই রেখেছি।”

দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে তিনি বলেন, “আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে এই বিচারের রায় কার্যকর হবে এবং এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে মানুষের জন্য। আর কেউ এভাবে কোনো মায়ের বুক খালি করার মতো দুঃসাহস দেখাবে না।” 

আইনজীবীরা জানিয়েছেন, ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী নিম্ন আদালতের দেয়া মৃত্যুদণ্ডাদেশ কার্যকরে হাইকোর্টের অনুমোদন নিতে হয়। সেক্ষেত্রে অধস্তন আদালতের মামলার রায়, তদন্ত প্রতিবেদন, এজাহারসহ সকল নথি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠানো হয়ে থাকে।

নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স শাখা এখন মামলার নথি পরীক্ষা-নিরীক্ষা করছে। এরপর আপিল শুনানির জন্য মামলার সব নথি একসঙ্গে প্রস্তুত করার জন্য সরকারি ছাপাখানায় (বিজি প্রেস) পাঠানো হবে।  

ছাপা শেষে বিজি প্রেস থেকে পাঠানোর পর পেপারবুক প্রধান বিচারপতির বরাবরে উপস্থাপন করা হবে। তখন প্রধান বিচারপতি এ মামলার শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দেবেন।

তবে কোনো কোনো মামলার ক্ষেত্রে আপিল শুনানির জন্য অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু এ মামলার অগ্রাধিকারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

মেজর সিনহা হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, এ মামলার রায় হওয়ার পর আদালতের সব কাগজ-পত্র উচ্চ আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পক্ষে হাইকোর্টে দুই আপিলও করা হয়েছে।

তিনি আরও বলেন, স্বাভাবিকভাবে এ ধরনের আপিলের শুনানি করতে সময় লাগে। এখন আদালত কখন শুনানি করে তা দেখার অপেক্ষায়। তবে এই গুরুত্বপূর্ণ মামলাটি দ্রুত শুনানি করা জরুরি।

মেজর সিনহা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত উপ-পরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত, সাগর দেব, রুবেল শর্মা, টেকনাফ থানায় পুলিশের করা মামলার সাক্ষী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রদীপ কুমার দাশ ও মো. লিয়াকত আলীকে বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft