প্রকাশ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ৩:৪৮ পিএম

বরিশালের কীর্তনখোলা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে বরিশাল সদর নৌ-থানার ওসি হাসনাত জামান জানান।
মৃত নারীর বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি। ওসি বলেন, লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মৃত নারীর পরনে সালোয়ার ও কামিজ ছিলো। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে মৃতদেহটি অর্ধগলিত ছিলো বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, অন্তত তিনদিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে বলে লাশের ধরন দেখে ধারণা করছেন তারা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
-জ/আ