মিয়ানমারের গণতন্ত্রপন্থী কর্মীদের মৃত্যুদণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র-জাতিসংঘ
প্রকাশ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ১:৪২ পিএম আপডেট: ২৬.০৭.২০২২ ২:০২ পিএম

যুক্তরাষ্ট্র মিয়ানমারের চার গণতন্ত্রপন্থি আন্দোলকর্মী এবং নির্বাচিত নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে ‘জঘন্য’ বলে বর্ণনা করে এর তীব্র সমালোচনা করেছে।

সোমবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘‘মিয়ানমারের জান্তা সরকারের গণতন্ত্রপন্থি নেতাকর্মী ও নির্বাচিত নেতাদের জঘন্যতম মৃত্যুদণ্ড কার্যকরের তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র।”

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা জান্তা সরকারকে অবিলম্বে সহিংসতা বন্ধ করার, অন্যায়ভাবে আটককৃতদের মুক্তি দেওয়ার এবং মিয়ানমারের জনগণের ইচ্ছা অনুযায়ী গণতন্ত্রে শান্তিপূর্ণ প্রত্যাবর্তনের অনুমতি দেওয়ার আহ্বান জানাই।”

জাতিসংঘ থেকেও মিয়ানমার জান্তার মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।

জাতিসংঘে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রু বলেন, ‘‘মিয়ানমারের দেশপ্রেমিক এবং মানবাধিকার ও গণতন্ত্রের চ্যাম্পিয়নদেরকে জান্তা সরকারের ফাঁসি দেওয়ার খবরে আমি ক্ষুব্ধ ও বিধ্বস্ত। তাদের পরিবার, বন্ধুবান্ধব ও প্রিয়জন এবং প্রকৃতপক্ষে মিয়ানমারের আপামর জনগণ, যারা জান্তা সরকারের ক্রমবর্ধমান নৃশংসতার শিকার হয়েছেন, তাদের জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে।”

উল্লেখ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালাতে সহায়তা করার দায়ে অভিযুক্ত চার গণতন্ত্রপন্থি আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ।

সোমবার (২৫ জুলাই) দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ খবর দিয়ে বলেছে, এটি কয়েক দশকের মধ্যে মিয়ানমারে প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বছর এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে বিরোধীদের ওপর নিষ্ঠুর দমনপীড়ন চালানো সেনাবাহিনীর বিরুদ্ধে মিলিশিয়াদের লড়াইয়ে সহায়তা করার দায়ে ওই চার জনকে অভিযুক্ত করা হয়েছিল, জানুয়ারিতে রুদ্ধদ্বার বিচারে তাদের মৃত্যুদণ্ডের রায় হয়।

ক্ষমতাসীন সামরিক জান্তা কর্তৃক নিষিদ্ধ ঘোষিত মিয়ানমারের ছায়া প্রশাসন ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) এ মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft