ভিকি-ক্যাটরিনাকে প্রাণনাশের হুমকি
প্রকাশ: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১০:৪৬ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে প্রাণনাশের হুমকি দিয়েছে এক ব্যক্তি। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ইনস্টাগ্রাম থেকে ক্যাটরিনা এই হুমকি পান। মুম্বাই পুলিশের কাছে এমন অভিযোগে একাধিক ধারায় মামলা করেছেন এই তারকা-দম্পতি। ইতিমধ্যে সান্তাক্রুজ থানা মামলার তদন্ত শুরু করে দিয়েছে।

ভিকির অভিযোগ, বেশ কিছুদিন ধরেই নাম-পরিচয় গোপন রেখে এক ব্যক্তি ক্যাটরিনাকে নেটমাধ্যমে অনুসরণ করছিলেন। তিনিই ইনস্টাগ্রামে প্রাণনাশের হুমকি দেন। সেই হুমকির বয়ান যদিও জানা যায়নি। পাঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালা হত্যাকাণ্ডের পর ক্রমাগতই হুমকি পাচ্ছেন তারকারা। দিন কয়েক আগেই প্রাণনাশের হুমকির চিঠি পেয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর বাড়িতে হুমকি চিঠি রেখে যান। আর নাম হিসেবে লিখে যান ‘দেশ কা নওজাওয়ান’।

এর আগে সালমান খানও হুমকি পান লরেন্স বিষ্ণোই থেকে। আত্মরক্ষার জন্য কিছুদিন আগেই আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এই অভিনেতা। ক্যাটরিনাকেও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কেউ এই হুমকি দিচ্ছে কি না, তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের সূত্রে ইতিমধ্যেই সেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।

২০২১ সালের ডিসেম্বর মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। রাজস্থানে রাজকীয়ভাবে বিয়ে করেন ভিকি-ক্যাটরিনা। সালমান খানের সঙ্গে ‘টাইগার৩’-তে অভিনয় করতে দেখা যাবে ক্যাটরিনাকে। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক মানিশ শর্মা। এ ছাড়া পরিচালক বিজয় সেতুপতির আগামী ছবি ‘মেরি ক্রিসমাস’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে ক্যাটরিনাকে। এদিকে ফারহা খানের পরবর্তী ছবিতে তৃপ্তি দিমরির সঙ্গে জুটি বাঁধছেন ভিকি কৌশল।


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft