প্রকাশ: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৭:৫৬ পিএম

বাগেরহাট সদরের বড়বাঁশবাড়িয়া এলাকায় রোববার (২৪ জুলাই) গভীর রাতে এক নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ৫ যুবকের বিরুদ্ধে।
সোমবার (২৫ জুলাই) দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে ওই নারীকে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী বলেন, রোববার রাত ১২টার পরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে ওতপেতে থাকা বড়বাশঁবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম (২৫), রাব্বি হাওলাদার (২২), জাহিদুল হাওলাদার (৩৫), সজীব হাওলাদার (২৫) ও রিয়াজ হাওলাদার (২৩) তাকে জাপটে ধরে তুলে নিয়ে যায়। পরে তারা বাড়ির পাশের একটি বাগানে নিয়ে তাকে
ধর্ষণ করে।
নির্যাতনের শিকার ওই নারী আরও বলেন, সাইফুল ইসলামসহ অন্যরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা এলাকায় নানান অপরাধে জড়িত।
বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার ওই নারীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন। অভিযোগ আমলে নিয়ে থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
-জ/অ