অর্থ আত্মসাৎ
সোনালী ব্যাংকের সাবেক এমডিসহ ৯ জনের কারাদণ্ড
প্রকাশ: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ২:১৮ পিএম

ঋণ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের সোয়া কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) নয়জনকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (২৪ জুলাই) ঢাকার ৫ নম্বর বিশেষ দায়রা জজ মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- সাবেক এমডি হুমায়ুন কবির, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাইনুল হক, জিএম ননী গোপাল নাথ ও মীর মহিদুর রহমান, ডিজিএম শেখ আলতাফ হোসেন, এজিএম কামরুল হোসেন খান ও সাইফুল হাসান এবং প্যারাগন নিট কম্পোজিট লিমিটেডের এমডি সাইফুল ইসলাম রাজা ও পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

দণ্ডিতদের মধ্যে শেখ আলতাফ হোসেনকে একটি ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং আরেক ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

অপর ৮ আসামিকে একটি ধারায় ১০ বছরের কারাদণ্ড এবং আরেক ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া আসামিদের আত্মসাতকৃত এক কোটি ২৫ লাখ ৭০ হাজার ২২০ টাকা অর্থদণ্ড করেছেন। যা আসামিরা প্রত্যেককে সমহারে রাষ্ট্রের অনুকূলে প্রদান করবেন।

রায় ঘোষণার আগে চার আসামিকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

অপর ৫ আসামি পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এক কোটি ২৫ লাখ ৭০ হাজার ২২২০ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ১ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক মশিউর রহমান রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ২২ মে আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের উপ-পরিচালক মশিউর রহমান মুহাম্মদ জয়নাল আবেদীন।

২০১৫ সালের ৬ এপ্রিল আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

উল্লেখ্য, এর আগের সোনালী ব্যাংকের টাকা আত্মসাতের দুই মামলার রায়ে আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন পৃথক দুই বিশেষ দায়রা জজ আদালত।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft