ফিলিপাইনের শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সাবেক এক মেয়রও রয়েছেন। নিহত অপর দুজনের একজন ক্যাম্পাসের নিরাপত্তা কর্মকর্তা ও অপরজন অজ্ঞাত পুরুষ। আজ রোববার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আতেনেও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ প্রসাশন। খবর রয়টার্সের।
স্থানীয় কুয়েজন সিটি পুলিশ প্রধান রেমুস মেডিনা বলেছেন, দক্ষিণাঞ্চলীয় লামিটান শহরের সাবেক মেয়র রোজ ফুরিগাকে হত্যার জন্যই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন গুলিবর্ষণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, মেয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ওই বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন রোজ ফুরিগা। আতেনেও ডি ম্যানিলা ফিলিপাইনের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি। গুলির ঘটনার পরপরই সমাবর্তন অনুষ্ঠান বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে সন্দেহভাজন ওই ব্যক্তি ক্যাম্পাসের নিরাপত্তা সদস্যদের গুলিতে আহত হন এবং গাড়িতে কিছুক্ষণ তাড়া করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
মেডিনা বলেন, সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার ব্যক্তিকে একজন দৃঢ় প্রতিজ্ঞ আততায়ী মনে হয়েছে। তার সঙ্গে দুটি পিস্তল পাওয়া গেছে। এছাড়া সন্দেহভাজন হামলাকারীর কোনো আত্মীয় সমাবর্তনে ছিলেন না। সেও লামিটান শহরের বাসিন্দা।
-জ/আ