প্রকাশ: শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৮:৪৭ পিএম

হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। জানা যায়, সরকার চাল আমদানিতে শুল্ক কমিয়ে দেয়ায় আমদানি আবারও শুরু হয়েছে।
শনিবার (২৩ জুলাই) দুপুরে নয় মাস বন্ধ থাকার পর ভারত থেকে চালবোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে চাল আমদানি কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত ৩টি ভারতীয় ট্রাকে ১০৮ মেট্রিক টন চাল হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে।
এর আগে গেল বছর ৩১ অক্টোবর সর্বশেষ এ বন্দরে চাল আমদানি হয়। এরপর সরকার দেশের কৃষকের কথা চিন্তা করে চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক বাড়িয়ে ৬০ শতাংশ করে দেয়। এতে চাল আমদানি বন্ধ হয়ে যায়।
সম্প্রতি আবারও দেশের বাজার স্বাভাবিক রাখতে চাল আমদানির অনুমতি পাওয়ার পর এ বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে।
এ বিষয়ে হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, দেশীয় বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী। তাই চালের দাম সহনশীল রাখতেই শুল্ক কমিয়ে চাল আমদানির অনুমতি দেয় সরকার। যেহেতু চাল আমদানি শুরু হয়েছে, তাই আমদানি পর্যাপ্ত হলে বাজারে দাম অনেকটাই কমে আসবে।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, কাস্টমসের শুল্কায়নসহ সব কার্যক্রম শেষে আমদানি করা চাল দ্রুত ছাড় করা হচ্ছে।
-জ/অ