আদালত চত্বরে ছুরিঘাতে হত্যা
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৬:২৭ পিএম

সুনামগঞ্জ আদালত চত্বরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মামলার বাদী নিহত হয়েছেন। এই ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ৩ জনকে আটক করেছে। নিহতের নাম খোকন মিয়া (৫০)। তিনি জেলার জগন্নাথপুর উপজেলার গলাখাই গ্রামের ফটিক মিয়ার ছেলে। আজ বৃহস্পতিবার বেলা ১টায় এই ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন গলাখাই গ্রামের মুহিবুর রহমানের ছেলে ফয়েজ আহমদ, আফরোজ মিয়ার ছেলে সাজিদ মিয়া ও আফরোজ মিয়া ভাই সেবুল মিয়া। ঘটনায় জড়িত জাহান নামের অপর এক যুবক পুলিশের জিম্মা থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে মিজান নামে এক পুলিশ সদস্যকে অবরুদ্ধ করেন আইনজীবীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত খোকন মিয়ার সাথে অভিযুক্ত চার যুবকের জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান ছিলো। বৃহস্পতিবার নির্ধারিত তারিখে আদালতে হাজিরা দিতে আসলে দুপুর সাড়ে ১২টার দিকে আইনজীবী সমিতির সামনে খোকনকে একা পেয়ে ফয়েজ, সাজিদ, জাহান ও সেবুল উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। বিষয়টি দেখে উপস্থিত জনতা, আইনজীবী ও তাদের সহকারীরা ফয়েজ, সাজিদ ও সেবুলকে আটক করেন। জাহান মিয়া নামের অপর একজন পালানোর সময় জনতার হাতে আটক হয় বলে জানা গেছে। তাকে আদালত এলাকায় দায়িত্বরত মিজান নামের এক পুলিশ সদস্যদের জিম্মায় দিলে সেখান থেকে পালিয়ে যায় সে। আটক তিনজনকে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করেন আইনজীবীরা।

ছুরিকাঘাতে আহত খোকন মিয়াকে আইনজীবী ও তাদের সহকারীরা হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: রফিকুল ইসলাম ছুরিকাঘাতে আহত খোকন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

বেলা দেড়টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আইনজীবীদের সহযোগিতায় যে তিনজনকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার কারণ জানা হবে। এই ঘটনায় কর্তব্যরত পুলিশ কর্তৃক দায়িত্ব পালনে অবহেলার কোনো প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft