গোলাম মাওলা রনির বসত বাড়ি উচ্ছেদ
প্রকাশ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ১০:৪৩ পিএম

সরকারি জমি অবৈধভাবে দখল করায় পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির দোতলা বাড়ি উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। আজ মঙ্গলবার সকালে ওই বাজারের অন্তত ১৫টি অবৈধ স্থাপনা ভেঙে দেয় পটুয়াখালী জেলা প্রশাসন। তবে ওই ৫ শতাংশ জমি পৈতৃক সম্পত্তি বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। 

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আনোয়ার উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, উপজেলার উলানিয়া বন্দর বাজারে ব্যবসার জন্য চান্দিনা ভিটা (হাট বা বাজারে অবস্থিত অকৃষি সরকারি জমি যা দোকানের জন্য বরাদ্দ দেওয়া হয়) হিসেবে এক বছর মেয়াদে কিছু সরকারি জমি বন্দোবস্ত নেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। চান্দিনা ভিটায় পাকা স্থাপনা নির্মাণের বিধান না থাকলেও তিনি সেখানে অবৈধভাবে দ্বিতল ভবন নির্মাণ করেন। 

তারা আরও জানায়, ওই অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে ২০১৩, ২০১৮ ও সর্বশেষ চলতি বছর নোটিশ দেয় জেলা প্রশাসন। কিন্তু একাধিকবার নোটিশ দিয়েও সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেননি তিনি। ফলে মঙ্গলবার সেখানে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, উলানিয়া বন্দর বাজারে সাবেক সংসদ সদস্যসহ অনেকেই অবৈধভাবে সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণ করেছেন। বাজারের ৫ শতাংশ সরকারি জমি সাবেক সংসদ সদস্যের দখলে। শুধু তিনিই নন, ওই বাজারে অন্তত ১৫ জন অবৈধ দখলদার আছেন। তাদের অবৈধ দখলে অন্তত ৩০ শতাংশ জমি। সরকারি জমি উদ্ধারে আজ থেকে সেখানে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

তবে ওই ৫ শতাংশ জমি পৈতৃক সম্পত্তি বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেন, “ওই ৫ শতাংশ জমি আমার পৈতৃক সম্পত্তি। ১৯৬০ সাল থেকে সেখানে আমার পরিবার বসবাস করে আসছে। এ বিষয়ে আমি উচ্চ আদালতে একটি রিট দাখিল করেছি। এরপরও প্রশাসন কেন বসতবাড়ি উচ্ছেদ করছে, তা জানি না।”


-জ/আ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft