প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ১২:২২ পিএম

বিয়ের পর রান্নাতে হাত পাকাতে রীতিমত উঠে পরে লেগেছেন ক্যাটরিনা কাইফ। যদিও বিয়ের পর পরই ভিকি কৌশল ও ক্যাট দু'জনই দুজনেই ব্যস্ত হয়ে যান নিজেদের পূর্বনির্ধারিত কাজে। তবে বেশ কিছুদিন ধরে শুটিং না থাকায় ক্যাটরিনা আছেন মুম্বাইতেই। শ্বশুর–শাশুড়িসহ পরিবারের সবার সঙ্গে সময় কাটাচ্ছেন। এই অবসরে রান্নাটাও শিখে নিচ্ছেন।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র ই–টাইমসকে জানিয়েছে, ক্যাটরিনা আগে কফি ছাড়া কিছুই বানাতে পারতেন না। তবে বিয়ের পর চেষ্টা করছেন দুপুর বা রাতের খাবার বানানো শিখতে। চরিত্রের প্রস্তুতির জন্য নয়, ক্যাটরিনা এখন ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছেন মুম্বাইয়ের আন্ধেরির ওবেরয় স্প্রিং অ্যাপার্টমেন্টের রান্নাঘরে। ভিকির মা–বাবা গত কয়েক সপ্তাহ নিয়মিতই দুপুর বা রাতের খাবার খেতে আসছেন। বিয়ের পর এই প্রথম এতটা সময় ধরে ‘বউমা’কে কাছে পেয়েছেন তাঁরা।
সূত্রটি আরও জানিয়েছে, কোনো একটি বিশেষ খাবার নয়, বরং দুপুরের বা রাতের পূর্ণাঙ্গ খাবার তৈরি শিখছেন তিনি। এ ব্যাপারে শাশুড়ির প্রবল উৎসাহও পাচ্ছেন। তিনি ক্যাটকে রান্নার অনেক কিছু দেখিয়েও দিচ্ছেন।