প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৯:১৩ এএম আপডেট: ১৪.০৭.২০২২ ৯:২০ এএম

যুক্তরাষ্ট্র ও ভারতে নতুন দূত নিয়োগ দিয়েছে সরকার। ভারতে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসা মুহাম্মদ ইমরানকে রাষ্ট্রদূত করে পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে। আর ভারতে হাইকমিশনার হিসেবে যাচ্ছেন সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভায় জাতিসংঘ মিশনে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করে আসা মো. মোস্তাফিজুর রহমান। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে গুরুত্বপূর্ণ এই দুই মিশনে নতুন পদায়নের কথা জানানো হয়।
ওয়াশিংটনে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন মুহাম্মদ ইমরান। শহীদুল ওয়াশিংটনে দূতাবাসে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করে আসছেন।
আর ভারতে বর্তমান হাইকমিশনার মুহাম্মদ ইমরানের স্থলাভিষিক্ত হবেন মো. শহীদুল ইসলাম। মুহাম্মদ ইমরান ২০১৯ সালের নভেম্বর থেকে ভারতে বাংলাদেশ মিশনের দায়িত্ব সামলে আসছিলেন। ১৯৮৬ সালের বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মুহাম্মদ ইমরান পেশাদার কূটনীতিক। তিনি দিল্লিতে ঢাকার প্রতিনিধিত্ব করার আগে সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তানেও বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে তিনি কলকাতায় ডেপুটি হাই কমিশনার ছাড়াও সৌদি আরবের জেদ্দা, জার্মানির বন, বার্লিন ও কানাডার অটোয়ায় বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে পেশাদার কূটনীতিক মো. মোস্তাফিজুর রহমান বিসিএস পররাষ্ট্র ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা। সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব সামলানো ছাড়াও তিনি ফ্রান্সের প্যারিস, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, সুইজারল্যান্ডের জেনেভা ও ভারতের কলকাতায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।