প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৮:৫৪ এএম

হবিগঞ্জের বাহুবল উপজেলায় হাওরে ট্রলারডুবিতে চার নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরের রউয়াইল নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত সবাই সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি ট্রলারে করে বাহুবল উপজেলার স্নানঘাট থেকে হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রামে যাওয়ার পথে রউয়াইল হাওরে পৌঁছার পর হঠাৎ ট্রলারটি ডুবে যায়। এতে হাওরের পানিতে ডুবে চার নারী মারা যান।
স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হক বলেন, স্থানীয়ভাবে জানতে পেরেছি হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রাম থেকে স্নানঘাটে আসার ট্রলারডুবি হয়েছে। রাতে ট্রলারটি ঝড়ো বাতাসের কবলে পড়েছিল। এতে চার জনের মৃত্যু হয়েছে তবে তাদের পরিচয় জানা যায়নি।
এ প্রসঙ্গে বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল খয়ের বলেন, ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে চার জনের মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।