আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড শুরু
প্রকাশ: সোমবার, ১১ জুলাই, ২০২২, ১২:০৪ পিএম

শুরু হয়েছে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইওমও)। আজ বাংলাদেশ সময় বেলা একটায় শতাধিক দেশের শিক্ষার্থীরা আবারও সরাসরি পরীক্ষা দেবে। তিনটি সম্পূর্ণ নতুন গাণিতিক সমস্যা সমাধানের জন্য তারা সময় পাবে সাড়ে চার ঘণ্টা। শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বাংলাদেশের ছয় খুদে গণিতবিদ। তারা এখন লাল-সবুজ পতাকা নিয়ে নরওয়ের রাজধানী অসলোতে অবস্থান করছে।

বাংলাদেশ দলের সদস্যরা হলেন- সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এস এম এ নাহিয়ান, নটর ডেম কলেজের মো. আশরাফুল ইসলাম ফাহিম, সরকারি আনন্দমোহন কলেজের তাহজিব হোসেন খান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নুজহাত আহমেদ দিশা, নটর ডেম কলেজের তাহমিদ হামিম চৌধুরী ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মো. ফোয়াদ আল আলম।

ক‌রোনার দুই বছর বিরতির পর আবার সরাস‌রি শুরু হ‌য়েছে গ‌ণি‌তের বিশ্বকাপ ৬৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। নরও‌য়ের স্থানীয় সময় বেলা তিনটায় উদ্বোধনী আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবা‌রের আ‌য়োজন। এর আগে হো‌টেল থে‌কে সব দ‌লের সদস্যরা ১৫মি‌নি‌ট হেঁটে উদ্বোধনী ভেন্যুতে যায়। হইহুল্লোড় আর নানান রঙের পোশাকে অসলো শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত অসলো কনাসার্ট হলে উদ্বোধনী আয়োজনে সবাই হা‌জির হয়। অস‌লোর আকা‌শ বেশ রঙিন ও পরিষ্কার। ঝলমলে মিষ্টি রোদ চারদিকে। গণিতকে জয় করতে সারা বিশ্ব থেকে শতাধিক খুদে গণিতবিদের আনাগোনায় অনুষ্ঠানস্থ‌লের পুরো প্রাঙ্গণ আনন্দ-উৎসাহে ভরপুর হ‌য়ে ওঠে। নি‌জের দে‌শের পতাকা নি‌য়ে আর অন্য দ‌লের সঙ্গে ছ‌বি তুল‌তে ব্যস্ত ছিল সবাই। ১০৪টি দেশের ছয় শতাধিক খুদে গণিতবিদ অংশ নি‌চ্ছে এবা‌রের আইএমওতে। করোনা মহামারির পর এবারই প্রথম সশরীর হচ্ছে অলিম্পিয়াড, যে কারণে সবাই আরও বেশি আনন্দিত ও উদ্বেলিত। এ নিয়ে ১৮ বারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে লাল–সবুজ পতাকা উড়ল।

উদ্বোধনী আয়োজনে বক্তব্য দেন অস‌লো বিশ্ব‌বিদ্যাল‌য়ের রেক্টর স্তভাইন স্তাই‌ন, অসলো সিটির ডেপুটি মেয়র আবদুল্লাহ আলসা‌বেগ, আয়োজনের পৃষ্ঠ‌পোষক প্রতিষ্ঠান একোইন‌রের ভাইস প্রেসিডেন্ট গভর্নমেন্ট রিলেশনস অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স ট্রু‌দে মসআই‌দে এবং আইএমও সভাপতি জিওফ স্মিথ।

জিওফ স্মিথ বলেন, ‘দীর্ঘদিন পরে আমরা সবাই সরাসরি অলিম্পিয়াডে অংশ নিতে পারছি। আইএমও সব শিক্ষার্থীর জন্য শুধু প্রতিযোগিতাই নয়, এটা একটা নেটওয়ার্কিং করার সুযোগও বটে। এটা তরুণ গণিতবিদদের জন্য উৎসব।’

স্তভাইন স্তাইন বলেন, ‘সবাইকে অসলো শহরে আমন্ত্রণ। গণিত কিন্তু মুখের ভাষা নয়, বিজ্ঞানের ভাষা। গণিতকে বুঝতে হলে প্রয়োজন ধৈর্য, প্রয়োজন প্রচেষ্টা। গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ আয়োজক সবাইকে অভিনন্দন।’

এ ছাড়া উপদল‌নেতা হিসেবে আছেন সাবেক আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের সদস্যক আসিফ-ই-এলাহী, পর্যবেক্ষক হি‌সে‌বে তাহনিক নূর সামীন এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া। ৮ জুলাই রাতে ঢাকা থেকে রওনা দিয়ে বিমানে ইস্তাম্বুল হয়ে ৯ জুলাই সকালে অসলো এসে পৌঁছায় বাংলা‌দেশ দল। প্রায় ১৫ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে বিমানবন্দর পৌঁছালে আইএমওর আ‌য়োজকেরা অভ্যর্থনা জানায়। ‌বিমানবন্দরের আনুষ্ঠা‌নিকতা শেষ‌ে বাসে হোটেলে পৌঁছায় দল। বাংলাদেশ দলকে ‌হো‌টে‌লে স্বাগত জানান বাংলা‌দেশ দ‌লের গাইড ফাহ্‌দ নেওয়াজ। ফাহ্‌দ বাংলা‌দে‌শের ছে‌লে, ঢাকা থে‌কে স্কুল-ক‌লেজ শেষ ক‌রে অস‌লো‌তে এসেছেন। তিনি বর্তমা‌নে অসলো বিশ্ববিদ্যালয়ে তথ‌্যপ্রযুক্ত‌ি‌তে পিএইচডি করেছেন। এর আ‌গ একই বিশ্ব‌বিদ‌্যালয় থেকে অনার্স ও মার্স্টাস ক‌রে‌ছেন। আইএমও চলাকালে ফাহ্‌দ বাংলা‌দেশ দ‌লের প্রয়োজনীয় দেখভাল কর‌বেন। বাংলাদেশের দলনেতা মাহবুব মজুমদার ৬ জুলাই এখানে পৌঁছেছেন।


ডাচ্‌-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি সারা দেশের ৪১ হাজার ৩৫০ জন শিক্ষার্থীর মধ্য থেকে আইএমওর জন্য এই ছয় শিক্ষার্থীকে নির্বাচন করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft