প্রকাশ: রোববার, ১০ জুলাই, ২০২২, ২:১০ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। আজ রোববার ভোর ৪টায় নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. সোহেল (২২), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২৮) ও অটোরিকশাচালক বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের লেদু মিয়ার ছেলে অটোরিকশাচালক মোয়াজ্জেম হোসেন হৃদয় (২১)। আহত যাত্রী মো. ফোরকান উদ্দিন বেগমগঞ্জের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল ও আমজাদ ফেনীর একটি হোটেলে কাজ করতেন। গতকাল শনিবার রাতে গ্রামের বাড়িতে আসার উদ্দেশ্যে মোয়াজ্জেমের অটোরিকশায় ওঠেন তারা। ভোর ৪টায় নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই মোয়াজ্জেম ও সোহেলের মৃত্যু হয়। আহত আমজাদ ও ফোরকানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আমজাদ মারা যান।
হাতিয়ার হরনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতদের দাফন করা হবে।’
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।