প্রকাশ: শনিবার, ৯ জুলাই, ২০২২, ৬:৪৪ পিএম আপডেট: ০৯.০৭.২০২২ ৬:৪৫ পিএম

শ্রীলংকার প্রেসিডেন্টের বাসভবনে হামলার পর সেখানে অবস্থিত সুইমিং পুলে সাঁতার কেটেছেন বিক্ষোভকারীরা। কয়েকজনকে প্রেসিডেন্টের বাসভবনের রান্নাঘরে রান্নাও করতে দেখা গিয়েছে। বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমে এসব ছবি প্রকাশিত হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, সুইমিং পুলের চারপাশে দেশের পতাকা নিয়ে অবস্থান করতে দেখা যায় বিক্ষোভকারীদের। অনেকে সেখানে সাঁতারও কাটছিলেন। অন্যদিকে একদল বিক্ষোভকারী অবস্থান নেন প্রেসিডেন্টের বাসভবনের রান্নাঘরে। তাদের কেউ কেউ রান্না করছিলেন।
একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচাতে গোতাবায়া রাজাপাকসেকে সেনাবাহিনীর সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। কারণ আগেই একটি গোয়েন্দা সূত্রের খবর ছিল যে এবার পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
এ অবস্থায় প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন। সেখানে এ পরিস্থিতি থেকে উত্তরণের সমাধান খোঁজা হবে। দক্ষিণ এশিয়ার এ দেশটি খাদ্য ও জ্বালানির তীব্র সংকটে ভুগছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, জ্বালানি তেলের মজুদ তলানিতে পৌঁছেছে।