ঈদের বাজার
দাম বেড়েছে মসলার
অপরিবর্তিত সবজি ও মাছের বাজার
প্রকাশ: শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ৮:৪০ পিএম




কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রতিবারের মতো এ বছরও বেড়েছে বিভন্ন রকম মসলার দাম। তবে অপরিবর্তিত রয়েছে সবজি ও মাছের বাজার।  

সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্যানুযায়ী, হলুদ, দারুচিনি, জিরা, আদা ও শুকনো মরিচের দাম কিছুটা বেড়েছে। বেড়েছে তেজপাতা ও ধনের দাম। গত এক সপ্তাহে দেশি শুকনো মরিচের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৫০ টাকা। আমদানি করা শুকনো মরিচের দাম ৩৫০-৪২০ টাকা।

ভারত থেকে আমদানি করা জিরা বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। কেজিতে পাইকারি দাম বেড়েছে ২০ টাকা। তবে আফগানিস্তান থেকে আমদানি করা জিরা আগের মতো ৪৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।খুচরা বাজারে দারুচিনি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৬০ টাকা। ব্যবসায়ীরা, বলছেন দারুচিনির দাম বেড়েছে কেজিতে ২০ টাকার মতো। গত এক সপ্তাহে আমদানি করা আদার দাম বেড়েছে ১০ টাকা। তবে আজ দেশি আদা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা।আদা বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজের দাম এখন ৪৫-৫০ টাকা। দেশি রসুন ৭০ থেকে ৯০ টাকা। আমদানি করা রসুনের দাম ১৩০ থেকে ১৫০ টাকা। 

হলুদের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। ১৬০ টাকা থেকে হলুদের দাম এখন ১৮০ টাকা। লবঙ্গের কেজি এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকা। পাইকারিতে এলাচের কেজি এক হাজার ২০০ থেকে দুই হাজার ২০০ টাকা। কেজিতে এলাচের দাম কমেছে ২০০ টাকা পর্যন্ত। কিছুটা বেড়েছে তেজপাতা ও ধনের দাম। তেজপাতার কেজি ১৮০-২০০ টাকা। ধনে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৭০ টাকায়।

এছাড়া, গোলমরিচ ৫৫০ থেকে ৭০০, আলুবোখারা ৩৫০ থেকে ৫০০ ও জায়ফল ১ হাজার ৫০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে। কাজুবাদামের কেজি ৭৫০ থেকে ৯০০, কাঠবাদাম ৬৫০ থেকে ৭০০, পেস্তাবাদাম ১ হাজার ৮০০ টাকা থেকে ২ হাজার ও কিশমিশ মানভেদে ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, প্রতিবছর সাধারণত, কোরবানির ঈদের আগে গরম মসলার বাড়তি চাহিদা থাকে। এ জন্য দাম বাড়ে। তবে গত ১০-১৫ বছরের মধ্যে এবারই বিক্রি কম হয়েছে।

এদিকে গুঁড়ো দুধ ডানো বিক্রি হচ্ছে কেজিতে ২০ টাকা বেশি দামে।  গত সপ্তাহে যে ডানো ৭২০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, এই সপ্তাহে সেই একই ডানো কৌটা বিক্রি হচ্ছে ৭৪০ টাকায়। ডিপ্লোমা বিক্রি হচ্ছে ৭৩০ টাকা কেজিতে। গত সপ্তাহে ছিল ৭১০ টাকা।

গত সপ্তাহের মতো এবারও গাজরের দাম চড়া। কেজি ১২০ থেকে ১৬০ টাকা। পাকা টমেটোর কেজি ৭০ থেকে ৮০ টাকা। বরবটি ৫০ থেকে ৬০ টাকা। বেগুনের কেজি ৪০ থেকে ৫০ টাকা। এছাড়া করলা, কাকরোল, কচুর লতি ৪০ থেকে ৫০ টাকা, কাঁচা পেঁপে ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পটল, ঢেঁড়শ, ঝিঙে, চিচিঙ্গার কেজি ৪০-৫০ টাকা। কাঁচা কলার হালি ৩০-৪০ টাকা।

রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা। তেলাপিয়া, পাঙাসের দাম ১৬০ থেকে ১৮০ টাকা। শিং মাছ ৩০০ থেকে ৪৬০, শোল ৪০০-৬০০, কৈ ২০০-২৫০ টাকা ও পাবদা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকায়।

এক কেজি ওজনের ইলিশের দাম ১৪০০ থেকে ১৬০০ টাকা। ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৮০০ থেকে ৯০০ টাকা এবং ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৪৫০ থেকে ৬০০ টাকা। এদিকে ব্যবসায়ীরা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৫০ থেকে ১৫৫ টাকা। পাকিস্তানি কক বা সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft