প্রকাশ: শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ৭:৪৩ পিএম আপডেট: ০৮.০৭.২০২২ ৭:৫১ পিএম

করোনাভাইরাস আবার মাথাচাড়া দিয়ে উঠেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অসীম ধৈর্য নিয়ে সহনশীল ও সহানুভূতিশীল মনে একে অপরকে সাহায্য করে যেতে হবে। করোনা মহামারিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান। ঈদুল আজহা উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন।
পবিত্র ইদুল-আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যেন ঘরে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করি এবং আল্লাহতায়ালার দরবারে বিশেষ দোয়া করি, যেন এই সংক্রমণ থেকে সবাই দ্রুত মুক্তি পাই।’
প্রতিবারের মতো এবারও ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে আনবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই পবিত্র ইদুল-আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।’
এদিকে আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জন মারা গেছেন। ৯ হাজার ৫৮০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৮২। আগের দিন এ হার ছিল ১৬ দশমিক ৫৪।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের ৭ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হলো ২৯ হাজার ১৯৫ জনের এবং মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৮৮ হাজার ১০১ জন।